বিশ্বের সবচেয়ে সম্পদশালী ক্রিকেট সংস্থা ভারতীয় বোর্ড, তথা বিসিসিআই। কিন্তু টাকার অভাবে তারাই নির্দিষ্ট সময়ের মধ্য ডোমেইন নবায়ন করতে পারেনি। ফলে রোববার বেশকিছু সময়ের জন্য বন্ধ থাকে ধনী বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট।
আগের চুক্তি অনুযায়ী ২০০৬’র ২ ফেব্রুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি ২০১৮ পর্যন্ত ডোমেইন ব্যবহার করতে পারত বিসিসিআই। কিন্তু এ সময়ের মধ্য নতুন করে নবায়ন না করায় রোববার দীর্ঘক্ষণ বন্ধ থাকে ওয়েবসাইট। পরে বোর্ডের পক্ষ থেকে অর্থ মিটিয়ে দেয়ায় খুলে দেয়া হয় সাইট।
রোববারই সাউথ আফ্রিকার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডে খেলেছে ভারত। খেলা চলাকালীনই ওয়েবসাইট লম্বা সময় বন্ধ থাকে। মুহুর্তের মধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে এনিয়ে সমালোচনা শুরু হয়ে যায়। কোটি কোটি টাকা যাদের, টাকার জন্য তাদেরই ওয়েবসাইট কেন বন্ধ হয়ে গেল তা নিয়ে উঠে নানা প্রশ্ন।
গত বছরের সেপ্টেম্বরেই আইপিএলের স্বত্ব বিক্রি করে ২৫০ কোটি ডলার পেয়েছে বিসিসিআই। শুধু তাই নয়, আইসিসির কাছ থেকেও সর্বোচ্চ ৪০.৫ কোটি ডলার পেয়েছে তারা। এরপরও কেন অর্থের জন্য ওয়েবসাইটের নবায়ন বন্ধ থাকল তা নিয়েই সমস্ত প্রশ্ন।
বিসিসিআই অবশ্য দোষ দিচ্ছে লোলিত মোদিকে। অর্থ কেলেঙ্কারির অভিযোগে আইপিএল উদ্ভাবক ২০১০ থেকে নিষিদ্ধ থাকলেও বোর্ডে এখনও প্রভাব রয়েছে তার।
বিসিসিআই’র একটি সূত্রে বরাতে টাইমস অব ইন্ডিয়া জানাচ্ছে, বোর্ডের ইন্টারনেট ডোমেইনের নিয়ন্ত্রক এখনো লোলিত মোদিই। তিনি ঠিক সময়ের নবায়নের অর্থ দেননি। আর এ কারণেই বন্ধ হয়ে যাওয়ার মত ঘটনা ঘটেছে। যাকে টাইমস অব ইন্ডিয়া বলছে, ‘মোদি বাগ’ বা ‘মোদি জীবানু’।










