ওয়ানডে সিরিজ জয়ের আনুষ্ঠানিকতা প্রথম দুই ম্যাচেই শেষ। আজ ঘরের মাঠে দু’বারের সাবেক বিশ্বকাপ চ্যাম্পিয়ন ভারতকে ‘বাংলা-ওয়াশ-এর’ পালা। টাইগার শিবির জানিয়েছে, গুরুত্বহীন হলেও তৃতীয় ম্যাচটিও জেতার লক্ষ্য তাদের। আর ওয়ানডে সিরিজে ব্যর্থতায় বিব্রত টিম-ইন্ডিয়ার শেষ লক্ষ্য, জয় দিয়ে সফর শেষ করা। লেগ স্পিনার জুবায়ের হোসেনকে তৃতীয় ওয়ান ডে’র জন্য বাংলাদেশ দলে নেয়া হয়েছে।
মিরপুরে সিরিজের শেষ ম্যাচটি শুরু হবে বিকেল ৩টায়। তবে আবহাওয়ার পূর্বাভাস বলছে, বৃষ্টি বাগড়া দিতে পারে নিরবচ্ছিন্ন আয়োজনে।
সিরিজ জয়ের উল্লাস শেষ। সারা দেশে টাইগার ভক্তদের মুখে মুখে একটাই শব্দ বাংলাওয়াশ। কাছকাছি সময়ে জিম্বাবুয়ে, পাকিস্তানের পর এবার আইসিসি’র ওয়ানডে র্যাঙ্কিংয়ের দ্বিতীয় স্থানে থাকা ভারত।
গত ছয় মাসে দেশের মাটিতে কোনো বিদেশী দলকে দেশী কায়দায় বিদায় সম্ভাষণের নতুন রেওয়াজ বাংলাওয়াশের হ্যাটট্রিক। সব মিলিয়ে টাইগারদের একাদশবারের মতো প্রতিপক্ষকে বাংলাওয়াশের হাতছানি।
নাসির হোসেন বলেন, আমরা বড় দল কি না সেটা এখনই বলতে পারবো না। কারণ আমরা নিজেদের মাটিতে খেলছি। একটা দুইটা সিরিজ নয়, যদি দুই থেকে তিনটি বছর এভাবে খেলতে পারি তখন বলতে পারবো আমরা একটা ভালো অবস্থায় আছি বা আমরা একটা ভালো দল।
শেষ ম্যাচের জন্য শেষদিনের অনুশীলনে পাদপ্রদীপের আলোয় ছিলেন বাংলাদেশের পেসাররাই। তাদের মধ্যমনি অবশ্যই টিনএইজ সেনসেশন মুস্তাফিজ। ক্যারিয়ারের প্রথম দুই ম্যাচে সব চেয়ে বেশি উইকেট শিকারের বিশ্বরেকর্ড গড়া এ কিশোরের সামনে নতুন এক রেকর্ডের হাতছানি।
ক্যারিয়ারের প্রথম তিন ম্যাচে অস্ট্রেলিয়ার রায়ান হ্যারিসের ১৩ উইকেট শিকারের রেকর্ড ভাঙতে শেষ ম্যাচে মুস্তাফিজের চাই আর মাত্র তিন উইকেট।
নাসির বলেন, ম্যাচটা ৮০ শতাংশ ওই (মুস্তাফিজ) এনে দিয়েছে। মুস্তাফিজ আসলে কি করছে সেটা মনে হয় ওই এখনো বুঝে উঠতে পারেনি। তবে আগের দুটি ম্যাচে যেভাবে বল করেছে মনে হয় তৃতীয় ম্যাচেও সেভাবে বল করবে।
সাকিব-তামিম-মুশফিকুর-মাশরাফিদের মতো চেনা তারকাদের বাইরে মুস্তাফিজ নামের এক অচেনা ঝড়ে কাবু টিম-ইন্ডিয়া খুঁজছে বাঁচার উপায়।






