লন্ডন থেকে: সৌদি আরবের সঙ্গে মিল রেখে ইংল্যান্ডে মঙ্গলবার পালিত হচ্ছে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসবের একটি ঈদুল ফিতর। বিশ্বকাপ খেলতে লন্ডনে থাকা বাংলাদেশ ক্রিকেট দলের ঈদ কাটছে সেখানে। উৎসবের দিনে সকাল সকাল ঈদের নামাজ পড়তে বেরিয়েছেন সাকিব-মাশরাফীরা।
নামাজ পড়তে যাওয়ার আগে টিম হোটেল পার্ক প্লাজা রিভার ব্যাঙ্কের সামনে দাঁড়িয়ে হাসিমুখে ছবি তুলেছেন টিম টাইগার্স দলের সদস্যরা। নির্বাচক, টিম ম্যানেজার, মিডিয়া ম্যানেজার-সহ, টিম ম্যানেজমেন্টের সদস্যরাও ছিলেন ক্রিকেটারদের সঙ্গে।
ছবিতে উৎসবের আমেজেই দেখা মেলে মিরাজ-সাইফউদ্দিনদের। গ্রুপ ছবির পর হাবিবুল বাশার, খালেদ মাহমুদ সুজনদের সঙ্গে সেলফি তুলতে দেখা যায় রুবেল-মুশফিকদের। সেসব ছবি ফেসবুকে পোস্ট করে ভক্তদের সঙ্গে খুশি ভাগাভাগিতে যেন রুবেল হোসেনের তর সইছিল না!
অবশ্য খুব বেশিক্ষণ উৎসবের আমেজে কাটানোর সুযোগ নেই বাংলাদেশ দলের। নিজেদের দ্বিতীয় ম্যাচ বুধবার। দিবা-রাত্রি ম্যাচ। সেজন্য কৃত্রিম আলোতে অনুশীলনের জন্য বেরিয়ে পড়তে হবে মুশফিক-রিয়াদদের।
সাউথ আফ্রিকাকে ২১ রানে হারিয়ে দুর্দান্ত যাত্রা করা টিম টাইগার্সের এবারের প্রতিপক্ষ নিউজিল্যান্ড। বুধবার বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা ৩০মিনিটে আগের ম্যাচের ভেন্যু ওভালেই নেমে পড়বে বাংলাদেশ।










