আইপিএল গ্রুপপর্বের নিজেদের শেষ ম্যাচে টস জিতে সাকিব আল হাসানের কলকাতা নাইট রাইডার্সকে ব্যাটিংয়ে পাঠিয়েছে মুস্তাফিজুর রহমানের সানরাইজার্স হায়দরাবাদ। এ ম্যাচে সানরাইজার্সে একটি পরিবর্তন হলেও দুটি পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে নাইটরা।
মুস্তাফিজদের শেষ চার নিশ্চিত হয়েছে। তাদের দৃষ্টি এখন শীর্ষ দুইয়ে। মুস্তাফিজদের বিপক্ষে জয় পেলে শেষ চার নিশ্চিত হবে সাকিবদেরও। আর হারলে হিসেবের সঙ্গে অপেক্ষা বাড়বে।
এই ম্যাচে ইয়ন মর্গানের জায়গায় সানরাইজার্স দলে ফিরেছেন নিউজিল্যান্ড তারকা কেন উইলিয়ামসন। আর সুস্থ না হওয়ায় এ ম্যাচে খেলতে পারছেন না নাইট অলরাউন্ডার আন্দ্রে রাসেল। দলে আছে দুটি পরিবর্তন। মরনি মরকেলের জায়গায় নেওয়া হয়েছে কলিন মুনকোকে। আর পিযুষ চাওলার জায়গায় দলে এসেছেন কুলদীপ যাদব।
প্রাথমিক পর্বে দুদলেরই এটি শেষ ম্যাচ। ১৩ ম্যাচে হায়দরাবাদের পয়েন্ট ১৬, কলকাতার ১৪। জিতলে তো বটেই, কলকাতার সুযোগ থাকবে হারলেও। তবে সেক্ষেত্রে অপেক্ষা করতে হবে দিনের দ্বিতীয় ম্যাচ পর্যন্ত। যে ম্যাচে মুখোমুখি হবে দিল্লি ডেয়ার ডেভিলস ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এই দু দলের পয়েন্টও কলকাতার সমান(১৪)।







