বাংলাদেশ প্রিমিয়ার লিগের পঞ্চম আসরে টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন ঢাকা ডায়নামাইটসের অধিনায়ক সাকিব আল হাসান।
মাশরাফী-সাকিব এবারই প্রথম একে অপরের মুখোমুখি হচ্ছেন বিপিএল ফাইনালে।
দুটি দলই তামিম ইকবালের কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে হারিয়ে ফাইনালে ওঠে। প্রথম সুযোগেই (প্রথম কোয়ালিফায়ার ম্যাচ) কুমিল্লাকে ৯৫ রানের বড় ব্যবধানে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে সাকিবের ঢাকা। মাশরাফীর রংপুরকে অবশ্য একটু বেশিই পরীক্ষা দিতে হয়েছে। মাহমুদউল্লাহ রিয়াদের খুলনা টাইটানসকে হারিয়ে টপকাতে হয় এলিমিনেটর বাধা। সোমবার রাতে দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে তামিমদের ৩৬ রানে হারিয়ে মাশরাফীরা ফাইনাল নিশ্চিত করে।
বিপিএলের প্রথম আসরে ঢাকা গ্ল্যাডিয়েটর্সের হয়ে শিরোপা জেতেন মাশরাফী। দ্বিতীয় আসরে গ্ল্যাডিয়েটর্স শিবিরে যোগ হন সাকিব। সেবারও শিরোপা জেতেন মাশরাফী। তৃতীয় আসরে কুমিল্লা ভিক্টোরিয়ান্সে যোগ দিয়েই বাজিমাত করেন। নতুন ফ্র্যাঞ্চাইজিটিকে এনে দেন শিরোপা। সাকিব গত আসরে শিরোপা জেতান ঢাকা ডায়নামাইটসকে।
মঙ্গলবারের ফাইনাল ঢাকা জিতলে সাকিব হবেন টানা দ্বিতীয়বার শিরোপাজয়ী দলের অধিনায়ক। আর রংপুর জিতলে মাশরাফী হবেন মোট চারবার শিরোপাজয়ী দলের অধিনায়ক। যে দলই জিতুক ট্রফিটা থাকছে মাশরাফী-সাকিবের হাতেই। কোনো ফ্র্যাঞ্চাইজি লিগে দুই অধিনায়কই বার বার শিরোপা জেতেন, এমন নজির কোথাও নেই!








