এশিয়া কাপের চতুর্থ ম্যাচে মুখোমুখি হয়েছে ক্রিকেটের দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। শুরুতেই টসে জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠিয়েছে ভারত। পাকিস্তান আজকের ম্যাচে চারজন পেসার খেলালেও ভারত খেলাচ্ছে মাত্র দু’জনকে।
শেষ খবর পাওয়া পর্যন্ত পাকিস্তানের সংগ্রহ ১৫ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে ৭০ রান।
ওহাব রিয়াজকে ফিরিয়ে নিজের প্রথম উইকেট তুলে নিলেন রবীন্দ্র জাদেজা। এলবিডাব্লিউয়ের ফাঁদে পড়ার আগে তার ব্যাট থেকে আসে ৪ রান। তার বিদায়ে এখন ক্রিজে আছেন সরফরাজ আহমেদ এবং মোহাম্মদ সামি।
অষ্টম ওভারের শেষ বলে রান আউটের শিকার হয়ে আফ্রিদিও ফিরে গেলে টি২০ সংস্করণে সর্বনিম্ন স্কোরের শঙ্কায় পড়ে পাকিস্তান।
৩ রান বাদে শোয়েব মালিক এবং উমর আকমল দু’জনই প্যাভিলিয়নের পথ ধরেন। হার্দিক পান্ডের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফেরেন শোয়েব। আর উমর ফেরেন যুবরাজ সিংয়ের বলে এলবিডাব্লিউয়ের শিকার হয়ে। চূড়ান্ত চাপে পড়ে পাকিস্তান ব্যাটিং লাইন আপ।
ষষ্ঠ ওভারে উইকেটের মাঝে ভুল শোয়েব মালিকের সঙ্গে বোঝাবুঝির শিকার হয়ে প্যাভিলিয়নের পথ ধরেন খুররম মনজুর। ব্যাটিং বিপর্যয়ে পড়ে পাকিস্তান। ফেরার আগে খুররম ১৮ বল খেলে সংগ্রহ করেন ১০ রান।
সারজিল খানকে ফিরিয়ে ভারতকে দ্বিতীয় সাফল্য এনেদেন জাসপ্রিত বুমরাহ। ফাস্ট স্লিপে দাঁড়িয়ে থাকা রাহানের হাতে ক্যাচ দিয়ে ফেরার আগে তিনি সংগ্রহ করেন ৭ রান।
শুরুতেই মোহাম্মদ হাফিজকে ফিরিয়ে ভারতকে সাফল্য এনে দিয়েছেন পেসার আশিস নেহরা। উইকেটের পেছনে দাঁড়িয়ে থাকা ধোনির হাতে ক্যাচ দিয়ে ফেরার আগে তিনি চার বল খেলে সংগ্রহ করেন ৪ রান।
এশিয়া কাপে দুই দলের সর্বশেষ মোবাবেলায় জয় ছিলো পাকিস্তানের। শের ই বাংলা স্টেডিয়ামে ৫০ ওভারের ফরমেটের ওই ম্যাচে শেষ ওভারে পরপর দুই বলে ছয় মেরে ভারতের কাছ থেকে জয় ছিনতাই করেছিলেন পাক বিস্ফোরক ব্যাটসম্যান শহীদ আফ্রিদি। অবশ্য দুই দলের খেলায় পরিসংখ্যান বলে কিছু নেই! কেননা মাস খানেক পরই এই মিরপুরেই টি২০ ফরমেটে পাকিস্তানের বিপক্ষে জয় পেয়েছিলো ধোনির ভারত।
বর্তমান পারফর্মেন্সের বিচারে অবশ্য এগিয়ে ভারত। তিন ম্যাচের টি-২০ সিরিজে অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করার পর ঘরের মাঠে শ্রীলঙ্কাকে ২-১ ব্যবধানে হারিয়ে ঢাকা এসেছে তারা। সেই সঙ্গে এবারের আসরের প্রথম ম্যাচে বাংলাদেশকে হারিয়ে জয়ের মধ্যেই রয়েছে ধোনির দল।
কিন্তু প্রতিপক্ষের নাম যখন পাকিস্তান, তখন আগাম অনুমান করা কঠিন। পাকিস্তান দলকে হালকাভাবে নেওয়ার প্রশ্নই ওঠে না। কেননা, ভারতেই বিপক্ষে ম্যাচ মানেই পাকিস্তানের সেরাটা ঢেলে দেওয়ার প্রচেষ্টা।
ভারত দল: মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক), রোহিত শর্মা, সুরেশ রায়না, অজিঙ্কা রাহানে, যুবরাজ সিং, বিরাট কোহলি, আশিস নেহরা, হার্দিক পান্ডে, রবীন্দ্র জাদেজা রবিচন্দ্রন অশ্বিন, এবং জাসপ্রিত বুমরাহ।
পাকিস্তান দল: শহীদ আফ্রিদি (অধিনায়ক), সারজিল খান, মোহাম্মদ হাফিজ, উমর আকমল, খুররম মনজুর, শোয়েব মালিক, সরফরাজ আহমেদ, মো্হাম্মদ সামি ওয়াহাব রিয়াজ, মোহাম্মদ আমির ও মোহাম্মদ ইরফান।






