সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে আজকের ম্যাচে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে দিল্লি ডেয়ারডেভিলস। গত পাঁচ ম্যাচে মাত্র এক জয় পাওয়া দিল্লির অবশ্যই জয় পেতে হবে। আসরে টিকে থাকার সম্ভাবনা তাদের ক্ষীণ হলেও একেবারেই যে নেই তা নয়। হায়দরাবাদের বিপক্ষে জয়ই তাদের আশা জাগিয়ে রাখতে পারে। অপরদিকে আজকে জয় পেলে হায়দরাবাদের প্লে অফই শুধু নিশ্চিত হবে না, প্রথম দুইয়ে রেখেই পরবর্তী ধাপে যাবে তারা।
আজকে দিল্লীকে হারালেই কোনো সমীকরণ ছাড়াই শেষ চারে উঠে যাবে সানরাইজার্স হায়দরাবাদ। অপরদিকে সানরাইজার্স হায়দরাবাদের কাছে আজকের ম্যাচে হারলে এবারের আইপিএল আসর থেকে ইতি টানতে হবে দিল্লীকে।
আইপিএলে গত সপ্তাহে দিল্লীর বিপক্ষে ম্যাচে নিজের নামের প্রতি সুবিচার করতে পারে নি কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। ‘দ্য ফিজ’কে হতাশায় ডুবিয়ে তার করা ৪ ওভারে ৩৯ রান তুলে নিয়েছিল দিল্লীর ব্যাটসম্যানরা। ১৪ উইকেট শিকার করে ‘বেগুনি টুপি’ থেকে একটু দূরে থাকা মুস্তাফিজ তাই হয়তো অপেক্ষায় আছেন ঘুরে দাড়াতে।
হায়দরাবাদের ব্যাটিংয়ে মূল ভরসা তাদের দলের অধিনায়ক ডেভিড ওয়ার্নার, শিখর ধাওয়ান ও যুবরাজ সিং। হায়দরাবাদের অধিনায়ক ওয়ার্নার ১২ ম্যাচে ৫৬৭ রান করে টুর্নামেন্টের সর্বোচ্চ রানধারীদের মধ্যে তৃতীয় স্থানে রয়েছেন।
তবে বোলিং নিয়ে খানিকটা দুশ্চিন্তা রয়েছে হায়দরাবাদ শিবিরে, কারণ আশিষ নেহেরার অনুপস্থিতিতে বোলিংয়ের দ্বায়িত্ব নিতে হবে মুস্তাফিজ ও ভুবেনশ্বরকে। তাদের সহযোগিতা করবে স্রান, হেনরিক।
১২ ম্যাচ খেলে ৬টি করে জয়-পরাজয় দেখে দিল্লী ১২ পয়েন্ট নিয়ে আছে ৬ নম্বরে। হায়দরাবাদ ১২ ম্যাচে ৮ জয়ে ১৬ পয়েন্ট নিয়ে এখন পর্যন্ত এককভাবে শীর্ষে মুস্তাফিজের দলটি।
দিল্লীর বিরুদ্ধে আগের সাক্ষাতে বাজেভাবে হারের প্রতিশোধ নিতে মুখিয়ে আছে ডেভিড ওয়ার্নারের নেতৃত্বাধীন দলটি। আগের দেখায় দলের বোলিংটা একেবারেই ভাল হয়নি। ব্যর্থ ছিলেন মুস্তাফিজও। এবার তাদের জ্বলে ওঠার প্রত্যাশায় থাকবেন ওয়ার্নার।










