ঝড়ের বাধা টপকে কোয়ালিফাই পেরিয়েছে বাংলাদেশ
এশিয়া কাপ আর্চারি

বাংলাদেশের নারী আর্চারী প্রতিযোগিতা, যেখানে একজন প্রতিযোগী লক্ষ্য করে তীর ছুঁড়ছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ
এশিয়া কাপ আর্চারির স্টেজ টু খেলায় হানা দিয়েছিল ধূলিঝড়। প্রবল বাতাসে বেহালদশা হয়েছে মাঠের। বাতাস কিছুটা কমলে ফের শুরু হয় কোয়ালিফাই রাউন্ড। শনিবার সব প্রতিবন্ধকতা পেছনে ফেলে পরের রাউন্ডে খেলার যোগ্যতা অর্জন করেছেন বাংলাদেশের সব তীরন্দাজ।
ছেলেদের রিকার্ভ ইভেন্টে ৬৫৪ পয়েন্ট নিয়ে ৪র্থ হয়েছেন রোমান সানা। এক পয়েন্ট কম পেয়ে হাকিম আহমেদ রুবেল হয়েছেন পঞ্চম। সিলেকশনে ৬৩৯ পয়েন্ট তুলে নবম হয়েছেন আলিফ। তিনজনই ছেলেদের রিকার্ভ ইভেন্ট দ্বিতীয় হয়ে উঠেছেন পরের রাউন্ডে।
৬২২ পয়েন্ট নিয়ে মেয়েদের রিকার্ভ ইভেন্টে চতুর্থ হয়েছেন নাসরিন আক্তার। সমান স্কোর করে দিয়ার অবস্থান পাঁচে। ৬০৬ স্কোর করে দশম হয়েছেন বিউটি রায়। এছাড়া মেয়েদের দলগত রিকার্ভ ইভেন্টে দ্বিতীয় স্থান অর্জন করে পরের রাউন্ডে উঠেছে বাংলাদেশ।
ছেলেদের কম্পাউন্ড ইভেন্টে ৬৯৩ পয়েন্ট নিয়ে চতুর্থ হয়েছেন মোহাম্মদ আতিকুজ্জামান। ৬৮৪ পয়েন্টে অষ্টম রাকিব আহমেদ ও ৬৮১ স্কোর করে নবম হয়েছেন মিঠু রহমান। এই তিনজনের ছেলেদের দলগত কম্পাউন্ড ইভেন্টের কোয়ালিফাইয়ে দ্বিতীয় হয়েছে বাংলাদেশ।
মেয়েদের কম্পাউন্ডে সবচেয়ে এগিয়ে শ্যামলি রায়। ৬৭৩ পয়েন্ট নিয়ে তার অবস্থান সপ্তম। এ ইভেন্টের দলগত খেলায় তৃতীয় হয়ে পরের রাউন্ডে উঠেছে বাংলাদেশ।






