চট্টগ্রামে ইয়াং বাংলা এবং সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই) তরুণদের অনুপ্রাণিত করতে জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড- ২০১৮ প্রদান করবে। দক্ষতার উন্নয়ন, সর্বব্যাপী শিক্ষা, বিশেষভাবে সক্ষমদের (প্রতিবন্ধী) কর্মসংস্থানের ব্যবস্থা, সাংস্কৃতিক বিপ্লব, উদ্ভাবক, খেলাধুলা ও ফিটনেস, জনসচেতনতা সৃষ্টি, লিঙ্গ বৈষম্য কমানোসহ বেশ কিছু বিভাগে এ অ্যাওয়ার্ড দেওয়া হবে। ইয়ুথ অ্যাওয়ার্ড-এ অংশগ্রহণকারীদের অনলাইনে আবেদন শেষ হচ্ছে ৩০ সেপ্টেম্বর।
শুক্রবার চট্টগ্রাম প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে ইয়াং বাংলার জেলা সমন্বয়ক ফয়সাল কাসিম এ বিষয় বিস্তারিত তুলে ধরেন।
এ সময় তিনি বলেন, ১৮ থেকে ৩৫ বছর বয়সী বাংলাদেশি তরুণরা ৩০ সেপ্টেম্বরের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন। আগামী ২১-২২ অক্টোবর এ অ্যাওয়ার্ড- প্রদান করা হবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তৌহিদুল ইসলাম, মুক্তিযোদ্ধা মাসুদ চৌধুরী, ইয়াং বাংলা জেলা সমন্বয়কারী রবিউল হক চৌধুরী, সৌমেন কানুনগো, ইয়াসিন ভূঁইয়া, মো. সাজ্জাদ, তারেক আজিজ সহ অন্যরা।







