কলম্বো, শ্রীলংকা থেকে: শ্রীলংকার বিরুদ্ধে শততম টেস্ট ম্যাচে চতুর্থদিন শেষে বাংলাদেশের জয়ের স্বপ্ন উজ্জ্বল হয়েছে। আগের দিনের সেঞ্চুরিয়ান সাকিব আল হাসানের তিন এবং কাটার মাস্টার মোস্তাফিজের তিন উইকেট শিকারে প্রথম ইনিংসে ১২৯ রানে পিছিয়ে থাকা শ্রীলংকা দ্বিতীয় ইনিংসে ৮ উইকেটে ২৬৮ রান করে চতুর্থদিন পার করেছে। লিড ১৩৯ রানের।
প্রথম সেশনে ৩০ ওভারে ৮৩ রান যোগ করে নিরাপদ অবস্থানেই ছিলো শ্রীলংকা। প্রথম ইনিংসের ১২৯ রানের ঘাটতি পুষিয়ে আরো ৮ রানের লিড হয়। করুণারত্নের সঙ্গে কুশল মেন্ডিসের ৮৬ রানের পার্টনারশিপে বাংলাদেশের জয়ের স্বপ্নটা রং হারাচ্ছিল।
দ্বিতীয় সেশনের শুরুতেই মোস্তাফিজ-সাকিবের বিধ্বংসী বোলিংয়ে ম্যাচে ফেরে বাংলাদেশ। ৩৬ রানে মেন্ডিসকে ফেরান কাটার মাস্টার। আগের ইনিংসের সেঞ্চুরিয়ান চান্দিমালকে ৫ রানে বিদায় করে বাংলাদেশের ম্যাচে ফেরার সূচনাও মোস্তাফিজের হাতে। নিয়মিত বিরতিতে উইকেট হারানো শ্রীলংকাকে লড়াইয়ে রাখে দিমুথ করুনারত্নের সেঞ্চুরি। ১৬৮ বলে ক্যারিয়ারের পাঁচ নম্বর সেঞ্চুরি তুলে নেন এই বাঁহাতি ওপেনার।
মোস্তাফিজের পাশাপাশি সাকিবের স্পিন ঘূর্ণিতে ঘরের মাঠে নাজেহাল হয় শ্রীলংকা। গুনারত্নে আর ডিকেওয়াল্লার উইকেট নিয়েছেন শততম টেস্টে বাংলাদেশের সেঞ্চুরিয়ান। তাতেই মাত্র ৬১ রানের লিডে ৬ উইকেট হারিয়ে ব্যাকফুটে চলে যায় শ্রীলংকা।
সেঞ্চুরিয়ান দিমুথ করুনারত্নে সাকিবের তৃতীয় শিকারে পরিণত হয়ে ১২৬ রান করে ফিরে যেতেই ম্যাচে চালকের আসনে বসে যায় বাংলাদেশ। দিলরুয়ান পেরেরার সঙ্গে অষ্টম উইকেটে ২১ রানের জুটিতে ৫৩ মিনিট ক্রিজে কাটিয়ে যান লংকান অধিনায়ক হেরাথ।
নবম উইকেটে দুই টেল এন্ডার দিলরুয়ান পেরেরা ও লাকমান দলের স্কোরে যোগ করেছেন আরো ৩০ রান। আক্রমণাত্মক ব্যাটিংয়ে অভ্যস্ত দিলরুয়ান স্বভাববিরুদ্ধ ব্যাট করে ১২৬ বল খেলে অপরাজিত আছেন ২৬ রানে।







