শ্রীলঙ্কার বিপক্ষে শততম টেস্টে চার উইকেটে জয়ের পর ওপেনার তামিম ইকবাল বলেছেন, ‘জয়ের জন্য আমরা প্রতিজ্ঞাবদ্ধ ছিলাম।’
১৯১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ২২ রানে দুই উইকেট হারিয়ে বাংলাদেশ যখন ব্যাকফুটে, তখন সাব্বিরের সঙ্গে তৃতীয় উইকেট জুটিতে ১০৯ রানের অসাধারণ একটি জুটি গড়েন তামিম। তাইতো সতীর্থ সাব্বিরের প্রশংসায় পঞ্চমুখ তিনি
‘বল ব্যাটে ঠিকমতো আসছিল, সাব্বিরকে দেখেশুনে খেলতে বলেছিলাম, ও ঠিক মতোই আমাকে নিয়ে জুটি গড়েছে।’ বলছিলেন তামিম।
দলকে জয়ের বন্দরে ভেড়াতে সাহায্য করায় ম্যাচ সেরার পুরস্কার পেয়েছেন দেশসেরা ওপেনার।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তামিম জানান, গল টেস্টে হেরে যাওয়ার পর দলের সবাই টিমমিটিং করেছিলেন।
‘এর ফলটা আমরা পেয়েছি। সবাই নিজেদের সেরাটা দিয়ে জয় নিয়ে এসেছে।’
কোচ হাথুরুসিংহের প্রশংসা করে তামিম বলেন, ‘তার মতো কোচ পেয়ে আমরা সত্যিই ভাগ্যবান। তার কাছ থেকে অনেক কিছু শেখার আছে, তিনি প্রতিনিয়ত আমাদের ভালো করার তাগিদ দেন।’







