‘বিসর্জন। না, রবীন্দ্রনাথ ঠাকুরের নাটক নয়; শতভাগ মৌলিক গল্প। পদ্ম গ্রামের বিধবা মেয়ে। তার জীবনসংগ্রাম, প্রেম। এমন একটা সম্পর্ক তৈরি হয়ে যায়, যার কোনো সংজ্ঞা নেই। রয়েছে দুই বাংলার কথা। আমি তো বলব অনেক দিন পর একটা সত্যিকারের প্রেমের গল্প দেখবেন দর্শক।’ ভারতীয় সংবাদ মাধ্যমকে বললেন জয়া আহসান। ছবির নাম ‘বিসর্জন’। কেন্দ্রীয় চরিত্রে তিনি অভিনয় করেছেন। পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়। ছবিটি এবার পহেলা বৈশাখে মুক্তি পাচ্ছে কলকাতায়।
‘রাজকাহিনী’র পর কলকাতায় জয়ার নতুন ছবি ‘বিসর্জন’। এবারই প্রথম কৌশিক গঙ্গোপাধ্যায়ের সঙ্গে কাজ করেছেন জয়া। বললেন, ‘পরিচালক কৌশিকদার সঙ্গে অবশ্যই প্রথম কাজ। কিন্তু বছর চারেক আগে অরিন্দম শীলের “আবর্ত” ছবিতে আমরা একসঙ্গে অভিনয় করেছি।’
পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায় এরই মধ্যে তৈরি করেছেন ১৯টি চলচ্চিত্র। তার ছবি পেয়েছে জাতীয় চলচ্চিত্র পুরস্কার। এবার তার সঙ্গে কাজের অভিজ্ঞতা প্রসঙ্গে জয়া বললেন, ‘কৌশিকদার সঙ্গে কাজ মানে ভালো একজন অভিনেতাকে পরিচালক হিসেবে পাওয়া। কাজের স্টাইলটা একদম আলাদা।’
‘বিসর্জন’ ছবির গানের সুর ও সংগীত পরিচালনা করেছেন প্রয়াত সংগীতশিল্পী ও দোহার গানের দলের সদস্য প্রয়াত কালিকাপ্রসাদ ভট্টাচার্য। এই ছবিতে কাজ করতে গিয়ে তার সঙ্গে জয়ার পরিচয় হয়। বললেন, ‘অসাধারণ ছিল সেই মুহূর্তগুলো। তার গান আরও ইন্সপায়ার করেছে আমাকে। খুব ভুল না করলে প্রথম দিন শুটিংয়ে ছিলেন এসেছিলেন তিনি। সল্টলেকে ডাবিংয়েও দেখা হয়েছিল। ছবিতে ইমোশনাল জায়গা থেকে জড়িয়ে ছিলেন কালিকাদা। আমিও জড়িয়ে আছি। মনে হচ্ছে, তাকেই যেন বিসর্জন দিলাম। সবটা ঠিক মতো শেষ করে দিয়ে যেন চলে গেলেন।’

সৃজিত মুখোপাধ্যায়ের ‘রাজকাহিনী’ ছবিতে অভিনয় করেছেন জয়া। এবার একই কাহিনী নিয়ে পরিচালক তৈরি করেছেন হিন্দি ছবি ‘বেগমজান’। এই ছবিতে বেগমজান চরিত্রে অভিনয় করেছেন বিদ্যা বালান। জয়া বললেন, ‘নিশ্চয়ই দেখব। “রাজকাহিনী”র অন্য একটি ইমেজ দেখব বলে অপেক্ষা করছি।’
এদিকে হুমায়ূন আহমেদের ‘দেবী’ উপন্যাস নিয়ে তৈরি হচ্ছে চলচ্চিত্র। এই ছবির জন্য সরকারের অনুদান পেয়েছেন চিত্রনায়িকা জয়া আহসান, তিনি এই ছবির প্রযোজক। তার প্রযোজনা প্রতিষ্ঠানের নাম ‘সি-তে সিনেমা’। উপন্যাসের নামেই ছবির নাম ‘দেবী’। ছবিতে ‘রানু’ চরিত্রে অভিনয় করবেন জয়া।










