অভিনেত্রী জয়া আহসানের প্রথম প্রযোজনায় নির্মিত হতে যাচ্ছে চলচ্চিত্র ‘দেবী’। গেল মাসে প্রকাশ পেয়েছে ছবিটির ২ মিনিটের টিজার। আর এরপর থেকেই ছবিটি নিয়ে নিজেদের মুগ্ধতা আর প্রতীক্ষার কথা জানাচ্ছেন ছোট ও বড় পর্দার অভিনেতা অভিনেত্রীরা।
পোস্টার, টিজার প্রকাশের পর থেকেই ‘দেবী’ নিয়ে মানুষের মধ্যে যে তীব্র আকাঙ্ক্ষা দেখা যাচ্ছে, তা যেনো আরো বাড়িয়ে তুলছেন তারকাদের প্রমোশনাল ভিডিও ক্লিপ! সম্প্রতি ‘দেবী’ নিয়ে কলকাতার তারকা অভিনেতাদেরও কথা বলতে দেখা গেছে। আর সেই কাতারে দেখা গেলে দেশের ছোট পর্দার দুই অভিনেত্রী বন্যা মির্জা ও মিথিলাকেও।
প্রথমবারের মত হুমায়ূন আহমেদের মিসির আলিকে রূপালি পর্দায় নিয়ে আসা এ চলচ্চিত্রটির জন্য মডেল ও অভিনেত্রী মিথিলা শুভ কামনা জানিয়ে বলেছেন: আমি অলরেডি ছবিটির টিজার দেখেছি, টিজার দেখার পর আমি দ্বিগু এক্সাইটেড। কারণ ‘দেবী’ গল্পটা যেমন আমার খুব পছন্দ, তেমনি মিসির আলি ক্যারেকটারও আমার খুব পছন্দের। সো, আমি তো ওয়েট করতে পারছিনা কবে হলে গিয়ে সিনেমাটি দেখব!
এদিকে বন্যা মির্জা ও পুরো ‘দেবী’ টিম ও জয়া আহসানকে শুভ কামনা জানিয়ে বলেছেন: ‘দেবী’ আসছে, এবং দেবীর জন্য তিনি অপেক্ষায় আছেন। সেই সাথে এটি যেহেতু জয়া আহসানের প্রথম প্রযোজনা, সেহেতু এটিতে তিনি জয়ার ড্রিম প্রজেক্ট হিসেবে দাবি করেছেন বন্যা। সেই সাথে তিনি আরও বলেছেন, এপার বাংলা ও ওপার বাংলা দুই জায়গাতেই জয়া তার অভিনয় দিয়ে প্রমাণ করে ফেলেছেন যে তিনি একজন অসাধারণ অভিনেতা এবং সেই সাথে বাংলাদেশের এই মুহূর্তের সবচাইতে গুরুত্বপূর্ণ একজন অভিনেতা।
‘প্রযোজনা ও অভিনয় দুটো একসাথে করা খুব দূরহ কাজ ছিল কিন্তু জয়া সে কাজটি অত্যন্ত দক্ষতার সাথে সম্পন্ন করেছে বলে আমার বিশ্বাস। এবং এই কাজটি প্রথম থেকে শেষ পর্যন্ত জয়া যেভাবে করেছেন সেটি দেখতে হলেও আমাদের সকলকে হলে যেতে হবে।’ বলছিলেন বন্যা মির্জা।
জয়া আহসান এবং তার প্রযোজনা প্রতিষ্ঠান ‘সি-তে সিনেমা’র প্রযোজনায় নির্মিত ছবিটি সরকারি অনুদানপ্রাপ্ত। ছবিতে মিসির আলি চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, রানু চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান, রানুর স্বামীর চরিত্রে আছেন অনিমেষ আইচ, নীলু চরিত্রে শবনম ফারিয়া এবং আহমেদ সাবেরের চরিত্রে আছেন ইরেশ যাকের। এই বছরের শেষ সিনেমাটি মুক্তি পাবে বলে আশা করা যাচ্ছে।







