জয় খুঁজতে খুঁজতে অবশেষে ষষ্ঠ ম্যাচে সেই দেখা পেল কুমিল্লা, জয়টাকে খুবই দরকারী ও প্রয়োজনীয় মনে করছেন কুমিল্লার পেসার মোহাম্মদ শরীফ।অপরদিকে সাব্বির স্যামির আউটকেই হারের কারণ হিসেবে দেখছেন রাজশাহীর ব্যাটসমান মুমিনুল হক।
শনিবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধরী স্টেডিয়ামে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তারা।
মোহাম্মদ শরীফ বলেন: আমরা জেতার জন্যই খেলছিলাম। সবার প্রত্যাশা আমাদেরও আশা ছিল ভালো করবো। দুর্ভাগ্যজনকভাবে আমরা পারিনি। টি-টোয়েন্টিতে যেকোনো কিছুই হতে পারে। একটু দেরি হলেও আশাকরি পরের ম্যাচগুলোতে আমরা খুব ভালোভাবে ঘুরে দাঁড়াব।
স্পিন বোলিং নিয়ে শরীফ বলেন: শিশিরের জন্য নাবিল সামাদকে দিয়ে বোলিং করানো হয়নি। স্পিনারদের গ্রিপ করতে সমস্যা হচ্ছিল। পেসাররা আজ ভালো করছিল। বল একটু নিচু হচ্ছিল।
ওপেনিংয়ে পরিবর্তন সম্পর্কে শরীফ বলেন: লিটন, ইমরুল সংগ্রাম করছিল। রান পাচ্ছিল না। দলের জন্য ওদের পেছনে ব্যাটিংয়ে পাঠানো হয়। দলে আলোচনা ছিল ওদের পিছনে পাঠিয়ে যারা ভালো করছে তাদের ওপরে তুলে আনার। ওরাই রাজি হয়েছে। ব্যাটিং অর্ডার নিয়ে কারো অভিযোগ ছিল না। আজ ইমরুল পিছনে ব্যাট করে রান পেয়েছে। পরের ম্যাচে হয়তো আবার ওপেনিংয়ে ফিরতে পারে।
জেতাটা গুরুত্বপূর্ণ ছিল। এই রান নিয়ে লড়াই করতে পেরেছি এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে জানান মোহাম্মদ শরীফ। তিনি আরো যোগ করে বলেন: এটা ছিল বাঁচা-মরার ম্যাচ। এই ম্যাচ জিততেই হতো। আরও ৬টা ম্যাচ আছে আমাদের। যদি জিততে থাকি তাহলে দেখা যাক কি হয়।
অন্যদিকে সাব্বির ও স্যামির আউট টাকে ম্যাচে টার্নিং পয়েন্ট হিসেবে দেখছেন রাজশাহীর মুমিনুল হক।
মুমিনুল হক বলেন: আমাদের সেরা ব্যাটসম্যান সাব্বির ও স্যামি ওদের আউট ম্যাচ ঘুরিয়ে দিয়েছে। তবে এ রান তাড়া করে জেতা উচিত ছিল। আমাদের আরেকটু দ্বায়িত্বশীল ব্যাটিং করতে হতো।
মুমিনুল বলেন: বল নীচু হওয়ার কারণে পেসারদের খেলতে কষ্ট হচ্ছিল।








