কলকাতার জনপ্রিয় অভিনেতা ঋত্বিক চক্রবর্তীর বিপরীতে প্রথমবার ওপার বাংলার ছবিতে কাজ করলেন বাংলাদেশের অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি। ২০ সেপ্টেম্বর মুক্তি পেতে যাচ্ছে এ জুটির প্রথম ছবি ‘রাজলক্ষ্মী-শ্রীকান্ত’।
মুক্তির আগে ঋত্বিক-জ্যোতি অভিনীত এ ছবির ‘আমার ভুল হয়ে গেছে প্রিয়’ নামের একটি গান প্রকাশ হয়েছে। যে গানটি গেয়েছেন তিমির, সুর-সংগীত করেছেন অরিন্দম দাস।
গানটি প্রসঙ্গে জ্যোতি জানান, আজকাল গান শোনার পাশাপাশি দেখার বিষয় হয়ে দাঁড়িয়েছে। দু-একবার দেখার পর আর থাকছে না মাথায়। ‘রাজলক্ষ্মী ও শ্রীকান্ত’র গান নিয়ে আমরা দারুণ আশাবাদী। হয়তো বারবার শোনার মতো কিছু গান আমরা পেতে যাচ্ছি।
ছবির মোশন পোস্টার প্রকাশ হয় গেল মাসের ১৫ তারিখে। এদিনই ছবির পরিচালক ‘রাজলক্ষ্মী-শ্রীকান্ত’র মুক্তির তারিখ জানান। ছবিতে শ্রীকান্ত চরিত্রে দেখা যাবে ঋত্বিক চক্রবর্তীকে, আর রাজলক্ষ্মীর ভূমিকায় দেখা যাবে জ্যোতিকে। এই ছবির সংগীতে আছেন সাত্যকি ব্যানার্জি।
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে ‘রাজলক্ষ্মী-শ্রীকান্ত’ নির্মাণ হলেও এর প্রেক্ষাপটকে নির্মাতা নিজের মতো করে ছবিতে তুলে ধরেছেন ‘বাকিটা ব্যক্তিগত’ খ্যাত নির্মাতা প্রদীপ্ত ভট্টাচার্য। অনুপ্রবেশ ও উদ্বাস্তু সমস্যা, নারীপাচার, চোরাকারবার, ধর্ম ও জাতির ভিত্তিতে সমাজের বিভেদ— সবই থাকছে এই ছবিতে।








