আগের ম্যাচে ছোট লক্ষ্য তাড়ায় নেমে ১০০ রানে অপরাজিত থেকে প্রাইম ব্যাংককে সহজ জয় এনে দেয়া এনামুল হক বিজয় মঙ্গলবার করলেন ১০১। বিকেএসপিতে শেখ জামালের বিপক্ষে এ ওপেনার ১১৮ বলে লিস্ট ‘এ’ ক্রিকেটে নিজের একাদশতম সেঞ্চুরি পূর্ণ করেন ৮ বাউন্ডারিতে।
ঢাকা প্রিমিয়ার লিগে এনামুলের টানা দ্বিতীয় সেঞ্চুরি তোলার ম্যাচে ভারতীয় রিক্রুট অভিমন্যু ঈশ্বরণের ১৩৩ রানের রানের দুর্দান্ত ইনিংসে বড় সংগ্রহ গড়েছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ৩৪৪ রান তাদের।
৫ রানের মাথায় রুবেল মিয়ার উইকেট হারানোর পর নামেন অভিমন্যু। এনামুলের সঙ্গে দ্বিতীয় উইকেট জুটিতে যোগ করেন ১৯৪ রান। তাতেই বড় সংগ্রহের ভীত গড়া হয়ে যায় প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের।
আরিফুল হক ৩২ বলে ৬৭ রানের অপরাজিত ক্যামিও ইনিংস খেলে সাড়ে তিনশর কাছে নিয়ে যান প্রাইম ব্যাংককে।
তানবীর হায়দার দুটি উইকেট নেন। একটি করে উইকেট নেন তাইজুল ইসলাম, শহিদুল ইসলাম ও জিয়াউর রহমান।








