অস্ট্রেলিয়ান ওপেন শুরুর আগেই আসর জমিয়ে তুলেছেন সার্বিয়ান তারকা নোভাক জোকোভিচ। ভ্যাকসিন জটিলতায় মেলবোর্নে তার থাকা না থাকার আলোচনা এখন হটকেক। থাকা হচ্ছে না বলে সাফ জানিয়ে দিয়েছে অস্ট্রেলিয়ার টেনিস কর্তৃপক্ষ। ডিফেন্ডিং চ্যাম্পিয়নের ভিসা বাতিল করে অভিবাসন কেন্দ্রে আবদ্ধ রেখেছে তারা।
যা ঘিরে জল ঘোলা হচ্ছে সময়ের সাথে পাল্লা দিয়ে। সার্বিয়ার পররাষ্ট্র সচিব নেমাঞ্জা স্টারোভিচ অন্যতম সেরা টেনিস তারকার জন্য অস্ট্রেলিয়ার কাছে ভালো একটি হোটেল প্রত্যাশা করেছেন। সেজন্য অজি প্রধানমন্ত্রী স্কট মরিসন বরাবর চিঠিও দেয়া হয়েছে।
‘আমরা আশা করি আমাদের রাষ্ট্রদূত ব্যক্তিগতভাবে তার সমস্যা সমাধানে দ্রুত ব্যবস্থা নেবেন। সে কোনো অপরাধী নয়। অবৈধ অভিবাসীও নয়।’
১৭ জানুয়ারি কোর্টে গড়াবে অস্ট্রেলিয়ান ওপেন। ভ্যাকসিন জটিলতায় আসরে অংশ নিতে পারছেন না ডিফেন্ডিং চ্যাম্পিয়ন জোকোভিচ। তিনি টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী ভ্যাকসিন তথ্য দেননি। সেটা নিয়েই পরিস্থিতি এতদূর গড়িয়েছে।
এদিকে সার্বিয়ানদের দাবি, ভ্যাকসিন জটিলতা বলে কিছু নয়, জোকোভিচকে না খেলতে দিতেই এই অপরাজনীতির পথ বেছে নিয়েছে অস্ট্রেলিয়ান ওপেন কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার আদালতে আপিল করেছেন জোকোভিচ। দেশ ত্যাগ করতে বিলম্ব করায় মেলবোর্ন বিমানবন্দরে আট ঘণ্টা আটকে রাখা হয়েছিল তাকে। পরে নেয়া হয় একটি আশ্রয়কেন্দ্রে। তাতে ভিসা বাতিলের বিরুদ্ধে আইনি লড়াইয়ে নামার সিদ্ধান্ত নেন জোকার। শেষে সোমবার পর্যন্ত দেশটিতে থাকার অনুমতি দেয় অস্ট্রেলিয়া সরকার। যা পার হতেই ভিসা বাতিল করবে কর্তৃপক্ষ। অজি স্বাস্থ্যমন্ত্রী গ্রেগ হান্ট অবশ্য বলেছেন ভিন্ন কথা, বৃহস্পতিবারই জোকোভিচের ভিসা বাতিল করা হয়েছে বলে জানান তিনি।
আদালতে আপিল করে ভ্যাকসিন নিয়ম-ছাড়ে অস্ট্রেলিয়ান ওপেনে খেলতে আবেদন দিয়েছেন জোকোভিচ। বিশেষ এই ভ্যাকসিন ছাড় জনমতে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করে। অজি প্রধানমন্ত্রী স্কট মরিসন জানান, ‘জোকোভিচ কোনো বিশেষ কেউ নন। প্রত্যেকের জন্য একই নিয়ম প্রযোজ্য।’
জোকো ইস্যুতে দুভাগে ভাগ এখন অস্ট্রেলিয়া ও টেনিস বিশ্ব। একটা অংশ মনে করছে ভ্যাকসিন রাজনীতির শিকার জোকাভিচ, অন্য পক্ষের মত নিয়ম সবার জন্যই এক থাকা উচিত।







