টানা সাত ম্যাচে নোভাক জোকোভিচের কাছে হারের ধারা অবশেষে থামালেন রাফায়েল নাদাল। মাদ্রিদ মাস্টার্সের ফাইনালে উঠেছেন স্প্যানিশ তারকা। সেমিফাইনালে জোকোভিচকে হারান ৬–২, ৬–৪ গেমে।
ফাইনালে নাদালের সামনে ডোমিনিক থিয়েম–পাবলো কুয়েবাস ম্যাচের বিজয়ী।
ফরাসি ওপেন শুরু হতে আর দু’সপ্তাহ বাকি। এরইমধ্যে ভয়ঙ্কর দেখাচ্ছে ক্লে–কোর্টের রাজা নাদালকে। চলতি মৌসুমে ক্লে–কোর্টে নাদালের রেকর্ড ১৪–০। মাদ্রিদ ওপেনে এখন পঞ্চম খেতাব জয়ই লক্ষ্য নাদালের।
জোকোভিচের খারাপ ফর্ম এখনও অব্যাহত। নাদালের সঙ্গে গত বছর এখানেই দুর্দান্ত খেলেছিলেন নোভাক। সরাসরি সেটে হারিয়েছিলেন রাফাকে। কিন্তু এবার যেন দু’জনের অবস্থানই পাল্টে গেছে।
শনিবার দু’জনের দ্বৈরথে ঘরের মাঠে খেলার সুবিধেও পেলেন নাদাল। দর্শকের সমর্থন পুরোপুরি তার দিকে ছিল। এ নিয়ে দু’জনের সাক্ষাতের ফলাফল এখন জোকোভিচের পক্ষো ২৬-২৪।







