মৌসুমের শুরুতে কয়েক ম্যাচে ভুগলেও সিরি আ’তে টানা দ্বিতীয় ম্যাচে গোল পেয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। সিআর সেভেনের গোলের দিনে জয় পেয়েছে জুভেন্টাসও। রোববার ফ্রোসিনোনিকে ২-০ গোলে হারিয়েছে জুভরা।
টানা অষ্টম সিরি আ’ শিরোপার দিকে ছুটে চলা জুভেন্টাস চলতি মৌসুমের প্রথম পাঁচ ম্যাচের পাঁচটিতেই জয় পেল। জুভদের টানা পাঁচে পরপর দুই ম্যাচে গোল পেলেন রিয়ালের সাবেক তারকা।
চ্যাম্পিয়ন্স লিগে আগের ম্যাচে লাল কার্ড দেখে ভিলেন হয়েছিলেন রোনালদো। তবে ঘরোয়া লিগে ফিরেই আবারও নায়ক পর্তুগিজ তারকা।
তবে গোল পেতে ম্যাচের প্রায় শেষ পর্যন্ত অপেক্ষা করতে হয় রোনালদো ও তার দলকে। ৮১ মিনিটে গোলের জাল খুঁজে পান সিআর সেভেন। পাঁচ ম্যাচে এটি তার তিননম্বর গোল। পরে ম্যাচের যোগ করা সময়ে (৯০+৪) দলের হয়ে দ্বিতীয় গোলটি করেন ফেডেরিকো বার্নার্ডেসি।
পাঁচ মাচ শেষে ১৫ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে জুভেন্টাস।
রাতের অন্য ম্যাচে বোলোগনার কাছে ০-২ গোলে হেরেছে এএস রোমা। রিয়াল মাদ্রিদের কাছে চ্যাম্পিয়ন্স লিগে হারের পর ঘরোয়া লিগেও হারল দলটি। গতবারের চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালিস্ট রোমার শুরুটা এবার খুবই খারাপ। পাঁচ ম্যাচে পাঁচ পয়েন্ট নিয়ে টেবিলের ১৪ নম্বরে তারা।
রোমা হারলেও জুভেন্টাসের পেছনে ছুটছে নাপলি। তোরিনোকে ৩-১ গোলে হারিয়েছে তারা। ফলে পাঁচ ম্যাচের চারটিতেই জয় পেল কার্লোস আনচেলোত্তির দল। ১২ পয়েন্ট নিয়ে জুভেন্টাসের পরই তাদের স্থান।
এদিকে, ঘরের মাঠ সান সিরোতে আটলান্টার সঙ্গে ২-২ গোলে ড্র করেছে এসি মিলান। জিয়োনার বিপক্ষে ৪-১ গোলে জিতে পয়েন্ট তালিকার পাঁচনম্বরে উঠে এসেছে লাজিও। উদিনেসের কাছে ২-০ গোলে হেরে পয়েন্ট তালিকার তলানিতেই রয়ে গেছে সিয়েভো।








