জুভেন্টাসের স্বপ্নভেঙে চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে অনন্য উচ্চতায় পৌঁছেছে রিয়াল মাদ্রিদ। শনিবার রাতে কার্ডিফে ইতালিয়ান জায়ান্টদের ৪-১ গোলে হারিয়ে ইউরোপ সেরার মুকুট জিতেছে স্প্যানিশ জায়ান্টরা। আধুনিক যুগে প্রবেশের পর চ্যাম্পিয়ন্স লিগ নাম নেয়া টুর্নামেন্টটির ইতিহাসে প্রথম কোন দল হিসেবে টানা দুটি শিরোপা ঘরে তোলার প্রথম নজির গড়ল জিনেদিন জিদানের শিষ্যরা।
প্রথমার্ধে সমতায় থাকার পর দ্বিতীয়ার্ধের ঝলকে জুভদের উড়িয়ে দিয়েছে রিয়াল। জোড়াগোল করেছেন ক্রিস্টিয়ানো রোনালদো, একটি করে গোল কাসেমিরো ও মার্কো আসেনসিওর। জুভেন্টাসের সান্ত্বনার গোলটি মারিও মানজুকিচের।
ম্যাচের ২০ মিনিটে রোনালদোর গোলে এগিয়ে যায় রিয়াল। এই গোলের মধ্য দিয়ে প্রথম খেলোয়াড় হিসেবে চ্যাম্পিয়ন্স লিগের তিনটি ফাইনালে গোলের রেকর্ড গড়েছেন সিআর সেভেন। আর চ্যাম্পিয়ন্স লিগ নাম নেয়ার পর রিয়াল গড়েছে প্রথম দল হিসেবে প্রতিযোগিতাটির ইতিহাসে ৫০০তম গোলের রেকর্ড।
খানিক পরেই ম্যাচের ২৭ মিনিটে মানজুকিচের গোলে রেসে ফেরে জুভেন্টাস। বুক দিয়ে বল নামিয়ে বাইসাইকেল কিকে দর্শনীয় গোলটি করেন এই জুভ তারকা। কিন্তু মধ্যবিরতির পর ফিরে ৬১ মিনিটে কাসেমিরোর গোলে আবারো এগিয়ে যায় রিয়াল। তিন মিনিট পর রোনালদোর দ্বিতীয় গোলে শিরোপা থেকে ছিটকে যায় জুভরা।
এটি আসরে রোনালদোর ১২তম গোল। বার্সেলোনার লিওনেল মেসিকে (১১) টপকে চলতি আসরে সর্বোচ্চ গোলদাতা বনে গেলেন পর্তুগিজ অধিনায়ক। সেইসঙ্গে ক্লাব ও দেশ মিলিয়ে ৬০০টি গোলের মাইলফলকও স্পর্শ করলেন পঞ্চমবার বর্ষসেরা ফুটবলার হওয়ার দৌড়ে এড়িয়ে থাকা সিআর সেভেন।
পরে ৯০ মিনিটে মার্কো আসেনসিও জুভদের কফিনে শেষ পেরেকটি ঠুকে দিলে উল্লাসে মাতে জিনেদিন জিদানের দল। ৮২ মিনিটে বদলি নামা এই উইঙ্গারের যেন উল্লাসের মাত্রাকে আরো এক ধাপ বাড়িয়ে দিলেন।







