ফুটবল

জুভদের ৮৮ বছরের সেরা শুরুর দিনে খরা কাটল দিবালার

জুভদের ৮৮ বছরের সেরা শুরুর দিনে খরা কাটল দিবালার

সিরি আ’তে টানা সপ্তম জয় পেয়েছে জুভেন্টাস। বুধবার বোলোগনাকে ২-০ গোলে হারিয়ে ৮৮ বছরের মধ্যে লিগে সেরা শুরু করেছে জুভরা।

এর আগে টানা দুই ম্যাচে গোল পেয়েছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। তবে এদিন আর গোল পাননি পর্তুগিজ তারকা। সিআর সেভেনের গোল না পাওয়ার দিনে অবশ্য খরা কেটেছে আরেক স্ট্রাইকার পাওলো দিবালার। দলের অন্য গোলটি করেছেন ব্লেইস মাতুইদি।

গত সাত মৌসুমের চ্যাম্পিয়ন জুভেন্টাস। অষ্টম শিরোপার দিকে ছুটে চলা ‘তুরিনের বুড়িরা’ এদিন জিতে দ্বিতীয়স্থানে থাকা নাপোলির চেয়ে ৩ পয়েন্টে এগিয়ে গেছে। আর বোলোগনা আছে রেলিগেশনের ঝুঁকিতে।

ম্যাচের মাত্র ১১ মিনিটে মৌসুমের প্রথম গোল করে দলকে এগিয়ে দেন দিবালা। পাঁচ মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন এই মৌসুমে পিএসজি থেকে আসা মাতুইদি। গোল মুখ থেকে ফিরে আসা রোনালদোর শট ফিরতি শটে জালে জড়ান ফরাসি তারকা।

জুভেন্টাসের দিনে অন্য ম্যাচে উদিনেসকে ২-১ গোলে লাসিও, শিয়েভোকে ২-০ গোলে জেনোয়া, পার্মাকে ৩-০ গোলে নাপোলি ও ফ্রোসিনোনিকে ৪-০ গোলে হারায় এএস রোমা। এছাড়া আটালান্টা-তোরিনো এবং ক্যালগিরি-সাম্পোদরিয়া ম্যাচটি গোলশূন্য ড্র হয়।

বিষয়:জুভেন্টাস পাওলো দিবালা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…