ভারতের মধ্য প্রদেশের লরি চালকের বুদ্ধিদীপ্ত তড়িৎ সিদ্ধান্তে বেঁচে গেল বহু প্রাণ। নিজের জীবন বাজি রেখে আগুন ধরে যাওয়া পেট্রোলবাহী লরি পাম্প থেকে সরিয়ে নেয়ায় বড় দুর্ঘটনা থেকে রক্ষা পায় অনেকে।
একজন পথচারীর ধারণ করা ভিডিওতে দেখা যায়, রাস্তার মাঝে আগুনের কুণ্ডলী, লোকজন চিৎকার করছে আর এদিক-ওদিক ছুটছে, মোটরসাইকেল চালকরা নিরাপদ আশ্রয় খুঁজছে। ফায়ার সার্ভিসের গাড়ি না আসা পর্যন্ত এ অবস্থা চলতে থাকে সেখানে।
সাহসী চালক সাজিদ জানান, হঠাৎ খেয়াল করি পেট্রোল পাম্পের আন্ডারগ্রাউন্ডের সংরক্ষণাগারে থাকা লরিতে আগুন ধরে যায়। আমার চিন্তা ছিল যেকোনভাবে লরিটিকে পাম্পের বাইরে নিতে হবে। সংরক্ষণাগারে আগুন ছড়িয়ে পড়লে বিভীষিকাময় পরিস্থিতির সৃষ্টি হতো।
ঝুঁকি নিয়ে লরি সরাতে গিয়ে সাজিদের হাত পুড়ে যায়। তাকে নরসিংদীপুর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

তবে কীভাবে লরিতে আগুন ধরে তা এখনো জানা যায়নি।








