সিনেমায় বোল্ড অভিনয় ও বোল্ড কথার জন্য সবসময় আলোচনায় থাকেন টালিউড অভিনেত্রী শ্রীলেখা। বর্তমানে মিরাক্কেলের বিচারক হিসেবেই বেশি জনপ্রিয় তিনি। সম্প্রতি এ অভিনেত্রীর নতুন সিনেমা ‘ভাইরাস’’ মুক্তি পাচ্ছে এ মাসে।
সৌভিক সরকারের পরিচালনায় ‘ভাইরাস’ ছবিতে তার চরিত্র এবং ব্যক্তিগত জীবন নিয়ে ভারতীয় গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন শ্রীলেখা।
শ্রীলেখা বলেন, সৌভিক সরকারের সঙ্গে এটি আমার দ্বিতীয় ছবি। প্রত্যেক পরিচালকের মধ্যেই একটা অটোবায়োগ্রাফিক্যাল এলিমেন্ট থাকে। সৌভিকেরও আছে। যেহেতু নতুন পরিচালক, তাই একটা প্রতিবন্ধকতা ছিল। ওকে অনেক বিষয়ে কম্প্রোমাইজ করতে হয়েছে।
অসম্ভব দুঃসাহসিক কাজ করেছে সৌভিক। কনসেপ্টটা যেহেতু আলাদা সেহেতু আমার একটা চিন্তা ছিল যে, ছবিটা দর্শকরা কতখানি নেবেন। নাইজেলের সাথে এটা আমার প্রথম কাজ। বেশ ভাল অভিজ্ঞতা হল। আর এরআগে ওর সঙ্গে ‘মায়ের বিয়ে’ সিনেমাটি করতেও বেশ ভালো লেগেছে।
ব্যক্তিগত জীবনে শ্রীলেখার বিয়ে করছেন কবে এ প্রশ্নে শ্রীলেখা বলেন, সংসারে পুরুষ সদস্যের কথা যদি বলেন, তো সেটা হতেও পারে, আবার নাও হতে পারে। আর হলেও সেটা কতদিনের জন্য তা বলতে পারব না। কতদিন তাকে পছন্দ হবে সেটাও প্রশ্নের বিষয়। তবে হ্যাঁ আপাতত বিয়ের পরিকল্পনা নেই। আমার বাড়ির সব কর্মচারী এবং সদস্যই তো নারী। সুতরাং একটা নারীতান্ত্রিক পরিবেশে একজন পুরুষের মানিয়ে চলাও কঠিন।
দীর্ঘ ক্যারিয়ারে ইন্ডাস্ট্রিতে ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আবেদনময়ী এ নায়িকা বলেন, অনেক টাকা রোজগারের ইচ্ছে রয়েছে। তবে জানিনা সেটা কিভাবে করতে হয়। তবে যেদিন অনেক টাকা জমাবো, সেদিন এক বছর অভিনয় না করে আমার নিজের একটা ছবি পরিচালনা করব জানিনা সেটা কবে হবে।







