হারারেতে জিম্বাবুয়ের বিরুদ্ধে প্রথম আন্তর্জাতিক ম্যাচে চার রানের রুদ্ধশ্বাস জয় ভারতের। ভারতের সংগ্রহ ২৫৫ রান তাড়া করতে নেমে স্বাগতিক জিম্বাবুয়ে ৭ উইকেট হারিয়ে ৫০ ওভারে ২৫১ রান সংগ্রহ করে। শেষ ওভারে ১০ রান প্রয়োজন হলেও ৬ রানের বেশী সংগ্রহ করতে পারেনি স্বাগতিকরা।
২৫৬ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে অধিনায়ক চিগুম্বুরার দায়িত্বশীল ব্যাটিংয়ে জয়ের আভাস পাচ্ছিল জিম্বাবুয়ে। নিয়মিত উইকেট পতনে সিকান্দার রাজা ও গ্রায়েম ক্রেমারের সঙ্গে দারুণ জুটি গড়েন চিগুম্বুরা। শেষ পর্যন্ত তিনি আট চার ও এক ছয়ে ১০১ বলে ১০৪ রান করে অপরাজিত থাকেন। ভারতীয় বোলার স্টুয়ার্ট বিনি ও আক্সার প্যাটেল দুটি করে উইকেট নেন।
প্রথমে ব্যাট করে চাপের মুখে পড়া ভারতকে সন্মানজনক অবস্থানে টেনে তোলেন শতরান করা অম্বাতি রায়ুডু। জিম্বাবুয়ের বিরুদ্ধে প্রথম এবং কেরিয়ারের দ্বিতীয় শতরানটি করে ফেললেন তিনি। ষষ্ঠ উইকেটে স্টুয়ার্ট বিনির সঙ্গে রেকর্ড পার্টনারশিপ করে দলকে আড়াইশোর গণ্ডি পার করান তিনি। ভারতের ৬ উইকেটে ২৫৬ রানের সংগ্রহ প্রথম ওয়ানডেতে জয়ের জন্য যথেষ্ট বলে বিবেচিত হয়। টিরিপানা ও চিবাবা ২ উইকেট সংগ্রহ করেন।
১২ জুলাই একই ভেন্যুতে দু’দলের দ্বিতীয় ম্যাচটি অনুষ্ঠিত হবে।






