ওয়েস্ট ইন্ডিজ থেকে ফিরে বাংলাদেশ দল চলে যাবে জিম্বাবুয়ে সফরে। সেখানে রয়েছে তিনটি করে ওয়ানডে ও টি-টুয়েন্টি সিরিজ। সাদা বলের দুই সংস্করণেই সাকিব আল হাসানকে পাচ্ছে না টিম টাইগার্স।
সাকিব জিম্বাবুয়ে সিরিজ থেকে অব্যাহতি চেয়েছিলেন অনেক আগেই। টেস্ট অধিনায়কত্বে ফেরার সিদ্ধান্তের সময় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপনকে জানিয়েছিলেন সেটি।
এবার বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস জানালেন চলতি মাসের শেষে বাংলাদেশ দলের জিম্বাবুয়ে সফর থেকে ছুটি নিয়েছেন সাকিব। বৃহস্পতিবার তিনি জানান, সাকিব ছাড়া সম্ভাব্য সেরা দল নিয়েই সামনের সিরিজটি খেলতে যাবে দল।
‘সিনিয়র খেলোয়াড়দের বেশিরভাগকেই পাওয়া যাবে। তারা সবাই খেলতে চায়। সিনিয়র মানে যারা খেলে, সবাই-ই তো সিনিয়র, কয়েকজন ছাড়া এখন তো সিনিয়ররাই খেলছে। তারা জানিয়েছে, তারা অ্যাভেইলেবল।’
‘সাকিব যাচ্ছে না, এটা আগেই আমাদের জানিয়েছে। আজ নির্বাচকদের সাথে আমরা বসেছিলাম। তারা একটা দল চূড়ান্ত করছেন। যে দল এখন আছে, তাদের সবাই থাকছে। জিম্বাবুয়েতে পূর্ণ শক্তির দল যাবে।’







