সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচে জিম্বাবুয়েকে জয়ের জন্য ২৪২ রানের টার্গেট দিয়েছে বাংলাদেশ। টস হেরে প্রথম ব্যাট করে ইমরুল কায়েসের ৭৬ রানের সুবাদে ৯ উইকেটে ২৪১ রান করে টাইগাররা।
এদিন ১শ রানের আগেই তিন উইকেট হারিয়ে চাপে পড়ে টাইগাররা। দুই ওপেনারের সাবধানী শুরুর পর আউট হন তামিম ইকবাল। ইমরুল কায়েসের সঙ্গে ৩২ রানের জুটি গড়ার পর আউট হন তিনি। ২৫ বলে ১৯ রান করে পানিয়াঙ্গারার বলে সিবাবার হাতে ধরা পড়েন।
তামিম ফেরার পর সাজঘরে ফিরেন লিটন দাসও। ১৬ বলে ৭ রান করে পানিয়াঙ্গারার দ্বিতীয় শিকারে পরিণত হন লিটন। নামের প্রতি সুবিচার করতে পারেননি মাহমুদুল্লাহ রিয়াদও। ২০ মোকাবেলা করে মাত্র ৪ রান করেই আউট হন তিনি।
ভালো শুরু করেও শেষ পর্যন্ত লম্বা ইনিংস খেলতে পারেননি মুশফিকুর রহিম। ২১ রান করে সাজঘরে ফেরেন আগের ম্যাচের সেঞ্চুরিয়ান। চার ব্যাটসম্যানের বিদায় হলেও একপাশ আগলে রেখে খেলছিলেন ইমরুল কায়েস। কিন্তু পরপর দুটি ছক্কা মারতে গিয়ে তিনিও আউট হয়ে যান। ফেরার আগে দলীয় সর্বোচ্চ ৭৬ রান করেন তিনি।
ইমরুল ফেরার পর ভালো একটি জুটি গড়ার ইঙ্গিত দিয়েছিলেন সাব্বির ও নাসির হোসেন। কিন্তু ৩৩ রান করে সাব্বির এবং ৪১ রান করে নাসির ফিরে গেলে সে সম্ভাবনা শেষ হয়। দলের স্কোর বোর্ড সমৃদ্ধ করতে তেমন কিছু করতে পারেননি অধিনায়ক মাশরাফিও। মাত্র ১৩ রান করেন তিনি।
সফরকারীদের হয়ে পানিয়াঙ্গারা ৩টি, মুজারাবানী ও ক্রেমার দুটি করে উইকেট নেন।
সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে বাংলাদেশ। আজ জিতলেই টানা পাঁচটি ওয়ানডে সিরিজ জয়ের মাইলফলক স্পর্শ করবে বাংলাদেশ।






