‘ভুল আসামি’ হয়ে ২৬ মামলায় প্রায় ৩ বছর কারাগারে থাকার পর হাইকোর্টের আদেশে মুক্তি পাওয়া জাহালমকে নিয়ে চলচ্চিত্র নির্মাণের উপর নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেছে দুদক।
বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কে এম হাফিজুল আলমের হাইকোর্ট বেঞ্চে আজ মঙ্গলবার এ আবেদন করা হয়েছে।
আগামিকাল বুধবার হাইকোর্টের এ বেঞ্চে আবেদনটি শুনানির জন্য কার্যতালিকায় আসবে বলে জানিয়েছেন দুদকের আইনজীবী খুরশীদ আলম খান।
গত ৩ ফেব্রুয়ারি সব মামলা থেকে অব্যাহতি দিয়ে ওইদিনই জাহালমকে মুক্তির নির্দেশ দেন বিচারপতি এফ আর এম নাজমুল আহসান ও বিচারপতি কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ। এবং ওই আদেশের কয়েক ঘণ্টা পরই কারাগার থেকে মুক্তি পান জাহালম।
এর আগে একটি দৈনিক পত্রিকায় ‘স্যার, আমি জাহালম, সালেক না’ শীর্ষক একটি প্রতিবেদন প্রকাশ হয়।
ওই প্রতিবেদনে বলা হয়, ‘‘আসামির কাঠগড়ায় দাঁড়ানো লোকটির বয়স ৩০-৩২ বছরের বেশি না। পরনে লুঙ্গি আর শার্ট। ২০১৭ সালের ফেব্রুয়ারি মাসে ঢাকার বিশেষ জজ আদালত-৬-এ বিচারকের উদ্দেশে তাকে বারবার বলতে দেখা যায়, ‘স্যার, আমি জাহালম। আমি আবু সালেক না,আমি নির্দোষ।’
আবু সালেকের বিরুদ্ধে সোনালী ব্যাংকের প্রায় সাড়ে ১৮ কোটি টাকা জালিয়াতির ২৬টি মামলা হয়েছে। কিন্তু আবু সালেকের বদলে জেল খাটছেন, আদালতে হাজিরা দিয়ে চলেছেন এই জাহালম। যিনি পেশায় পাটকল শ্রমিক। যার কারাবাসের তিন বছর পূর্ণ হবে আগামী ৬ ফেব্রুয়ারি। যেখানে তদন্ত করে দুদক বলছে, জাহালম নিরপরাধ। একই মত দেয় জাতীয় মানবাধিকার কমিশন।’’
পত্রিকায় প্রকাশিত ওই প্রতিবেদনটি গত ২৮ জানুয়ারি হাইকোর্টের নজরে আনেন সুপ্রিম কোর্টের আইনজীবী অমিত দাশগুপ্ত। এরপর হাইকোর্ট জাহালম বিষয়ে রুল জারি করেন এবং পরবর্তীতে জাহালমকে মুক্তির নির্দেশ দেন হাইকোর্ট।
এরপরই জাহালমের জীবনের গল্প নিয়েই চলচ্চিত্র নির্মাণের সিদ্ধান্তের কথা বিভিন্ন সংবাদ মাধ্যমকে জানান মারিয়া তুষার নামের একজন নির্মাতা। এবং এরই মধ্যে চলচ্চিত্র পরিচালক সমিতিতে নাম নিবন্ধন করেন এই পরিচালক। জাহালমের নামের সঙ্গে মিলিয়ে ছবির নাম ঠিক করেন ‘জাহালম’।
এই পরিপ্রেক্ষিতে জাহালমকে নিয়ে চলচ্চিত্র নির্মাণের উপর নিষেধাজ্ঞার আবেদন করল দুদক। এবষয়ে দুদক আইনজীবী খুরশীদ আলম খান বলেন, ‘সম্প্রতি দু’টি সংবাদপত্রের খবরে এসেছে জাহালমের জীবনের গল্প নিয়ে সিনেমা বানাতে যাচ্ছেন কোনো এক পরিচালক। এখানে দুদকের আপত্তি হচ্ছে, জাহালমের ঘটনাটি এখনো বিচারাধীন। ফলে সাবজুডিস কোনো বিষয় নিয়ে সিনেমা হতে পারে না। তাই পত্রিকায় প্রকাশিত দুটি প্রতিবেদন যুক্ত করে ওই চলচ্চিত্র নির্মাণের উপর নিষেধাজ্ঞা চেয়ে হাইকোর্টে আবেদন করেছি। আগামিকাল আবেদনটি শুনানির জন্য কার্যতালিকায় আসবে।’
এদিকে আইনি জটিলতা এড়াতে আদালতের এ নির্দেশনার আগেই সোমবার চলচ্চিত্রটি নির্মাণ থেকে নিজেকে বিরত রাখার ঘোষণা দেন নির্মাতা মারিয়া তুষার। তার দেয়া এই সিদ্ধান্ত গণমাধ্যমে প্রকাশিত হয়।








