বলিউড তারকাদের মিলনমেলা বসেছে মুম্বাইয়ের ডি ওয়াই পাতিল স্টেডিয়ামে। কারণ সেখানে চলছে জাস্টিন বিবারের কনসার্ট। বহু প্রতীক্ষিত এই কনসার্ট নিয়ে অনেক দিন ধরেই উচ্ছ্বসিত ছিলেন বলিউডের নামীদামী তারকারা। তাই কনসার্ট শুরু হওয়ার আগেই পরিবার নিয়ে একে একে হাজির হচ্ছেন তারকারা।
সন্ধ্যা নামার আগেই বলিউড তারকা আলিয়া ভাট, অর্জুন রামপাল, সোনালী বেন্দ্রে, আরবাজ খান, মালাইকা অরোরা, মাহিমা চৌধুরী, শ্রীদেবী, বনি কাপুর, জাহ্নবি কাপুর এবং আরও অনেকেই দর্শকের সারিতে আসন গ্রহণ করেছেন। অনেক তারকাই পথে আছেন। কিছুক্ষণের মধ্যে আরও অনেকেই চলে আসবেন।
জাস্টিনের কনসার্ট উপলক্ষে পুরো এলাকায় ছিল সাজ সাজ রব। স্টেডিয়ামের বাইরে কড়া নিরাপত্তার জন্য নিয়োজিত ছিল ৩০০ পুলিশ। স্টেডিয়ামের প্রবেশ পথেও কড়া নিরাপত্তা। ব্যাগ নিয়ে ভেতরে প্রবেশ নিষেধ। এমনকি মোবাইল চার্জ দেওয়ার জন্য পাওয়ার ব্যাংক নিয়েও প্রবেশ করতে দেওয়া হয়নি কাউকে। সেই সাথে রাখা হয়েছে প্রচুর পরিচ্ছন্নকর্মী। স্টেডিয়ামের সার্বিক পরিচ্ছন্নতায় নিরলস ভাবে কাজ করছেন তারা।
স্টেডিয়ামের ভেতরে নানান ধরনের খাবারের আয়োজন রাখা হয়েছে। ভারতীয় দোসা কিংবা ইতালিয়ান পিৎজা, সব খাবারই আছে সেখানে। আছে চা খাওয়ার ব্যবস্থাও। তবে বাইরের কোনো খাবার নিয়ে প্রবেশ করতে দেয়া হচ্ছে না স্টেডিয়ামের ভেতরে। এনডি টিভি।











