রাশিয়া বিশ্বকাপে নিজের ফেভারিট তালিকায় জার্মানির মতো শক্তিশালী দলকে রাখেননি সাম্পাওলি। গত বছরের নভেম্বরে মেসিদের কোচ দাবি করেছিলেন জার্মানির দলটি তার পছন্দ হয়নি, কেননা তাদের খেলার ধরণটা যে মনেই ধরেনি আর্জেন্টিনা বসের। সেই জার্মানি গ্রুপপর্ব থেকেই বিদায় নিয়েছে।
আর্জেন্টিনাকে হারিয়ে গত আসরে চ্যাম্পিয়ন হওয়া জার্মানি এবার গ্রুপপর্বেই ছিটকে গেছে, সেটা বড় অঘটনই। সেটিও শেষ ম্যাচে তুলনামূলক কমশক্তির দল সাউথ কোরিয়ার বিপক্ষে হেরে।
প্রথম ম্যাচে মেক্সিকোর বিপক্ষে হার দিয়ে শুরু হয়েছিল জার্মানির রাশিয়া মিশন। দ্বিতীয় ম্যাচে অতিরিক্ত সময়ের শেষমুহুর্তের গোলে জয় পেলেও গ্রুপপর্বের বাধা টপকানো হল না। বিদায়ের সময় তাদের পয়েন্ট টেবিলে অবস্থান তলানিতে।
জার্মানির খেলার ধরন দেখে সম্ভাব্য বিপর্যয়ের ব্যাপারে গত নভেম্বরেই মন্তব্য করেছিলেন সাম্পাওলি, ‘বিশ্বকাপে ব্রাজিল, ফ্রান্স ও স্পেন ফেভারিট, বর্তমান চ্যাম্পিয়ন জার্মানি নয়।’
জার্মানিকে হিসাব থেকে বাদ দেয়াটা যে কথার কথা ছিল না সেটিও পরিষ্কার জানিয়ে দেন আর্জেন্টিনার কোচ, ‘আমার মতে ব্রাজিল, ফ্রান্স ও স্পেন এবার শিরোপার জন্য সেরা দল। মানতে দ্বিধা নেই আর্জেন্টিনার চেয়েও তারা এগিয়ে আছে। আমি ভুলবশত জার্মানিকে বাদ রেখেছি এমন নয়, আমার কাছে বর্তমান জার্মান দলের খেলার ধরন মনের মতো না।’
সাম্পাওলি জার্মানির জন্য ঠিকই বলেছেন। তিন ম্যাচে এক জয় ও দুই পরাজয়ে আগেভাগেই বাড়ির বিমানে চাপছে চারবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। ব্রাজিল, ফ্রান্স বা স্পেন কি করবে সেটা সময়ই বলবে। তবে সাম্পাওলির নিজের দল আর্জেন্টিনা খানিকদূরে না এগোলে বাকি হিসাব তখন গৌণই হবে!







