আজারবাইজানকে ৪-১ গোলের বড় ব্যবধানে উড়িয়ে ২০১৮ রাশিয়া বিশ্বকাপের মূল পর্বে এক পা দিয়ে রাখল বর্তমান চ্যাম্পিয়ন জার্মানি। জার্মানদের রাতে সহজ জয় পেয়েছে আরেক ইউরোপ জায়ান্ট ইংল্যান্ড। পুঁচকে লিথুনিয়ার বিপক্ষে ইংলিশদের জয়টি ২-০ গোলের।
রোববার রাতে প্রায় নতুন দল নিয়ে আজারবাইজানের বিপক্ষে খেলতে নামে জোয়াকিম লো শিষ্যরা। গত বুধবার ইংল্যান্ডের বিপক্ষে ১-০ গোলের জয়ের ম্যাচের সাত জন ছিলেন না এই দলে। কিন্তু সেই পরিবর্তনগুলো নিয়ে একেবারেই ভাবতে হয়নি কোচ লো’কে।
প্রতিপক্ষের মাঠে ম্যাচের ১৯ মিনিটের মাথায় গোলের খাতা খোলেন ২০১৫ সালের পর দলে ফেরা আন্দ্রে শুরলে। অবশ্য দ্রুতই স্বাগতিকরা সমতায় ফেরে। ৩১ মিনিটে নাজারোভের গোলে।
সেই রেশ কাটতে না কাটতেই ৩৬ মিনিটে টমাস মুলারের গোলে আবারও পিছিয়ে পড়ে আজারবাইজান। পরে ৪৫ মিনিটে মারিও গোমেজ এবং ৮১ মিনিটে আন্দ্রে শুরলের দ্বিতীয় গোলে আর ম্যাচে ফিরতে পারেনি স্বাগতিকরা।
সহজ এই জয়ে সি গ্রুপের শীর্ষে আছে জার্মানরা। গ্রুপ পর্বে শতকরা জয়ের রেকর্ড বর্তমান চ্যাম্পিয়নদের। গ্রুপের দ্বিতীয় স্থানে থাকা চেক রিপাবলিকের চেয়ে তারা এগিয়ে আছে সাত পয়েন্টের বিশাল ব্যবধানে। একই রাতে বড় জয় পেয়েছে চেকরাও। স্যান মারিনোর বিপক্ষে তাদের জয়টি ৬-০ গোলের।
জার্মানদের জয়ের রাতে হাসি ছিল ইংলিশ শিবিরেও। নিজেদের মাঠ ওয়েম্বলিতে জার্মেইন ডিফো ও জেমি ভার্ডির গোলে লিথুনিয়ার বিপক্ষে ২-০ ব্যবধানের জয় তাদের।
এই জয়ে গ্রুপ এফ’তে শীর্ষে থাকলো ইংল্যান্ড। দ্বিতীয় অবস্থানে থাকা স্লোভেনিয়া তাদের থেকে পিছিয়ে আছে পাঁচ পয়েন্টে।







