আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, খালেদা জিয়ার জামিনের মধ্য দিয়ে প্রমাণ হয়েছে যে এতো হাই প্রোফাইল মামলা হওয়ার পরও আইন, আদালত এবং বিচার বিভাগ সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করছে। সরকার এবং আওয়ামী লীগের এতে কোনো হস্তক্ষেপ নেই।
সোমবার সন্ধ্যায় আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে বেগম খালেদা জিয়ার জামিনের আদেশের প্রতিক্রিয়া জানান ওবায়দুল কাদের।
কাদের বলেন, আদালত আইন অনুযায়ী বেগম খালেদা জিয়ার মামলা দেখছেন।
তিনি বলেন: ১০ বছর মামলা চলার পর রায় দেয়া হয়েছে। এতে সরকারের কোনো হস্তক্ষেপ নেই। শুধু এই মামলাই নয়, সরকার এ পর্যন্ত কোনো মামলাতেই হস্তক্ষেপ করছে না, করেও নাই। আওয়ামী লীগের পক্ষ থেকে কোনো ধরনের হস্তক্ষেপ করার প্রশ্নই আসে না।
‘আজ যে মামলায় বেগম জিয়া কারাগারে সেটা আদালতের এখতিয়ার। এক্ষেত্রে কোনো ধরনের চাপ নেই। আদালত যেভাবে পরিচালনা করছেন মামলা সেভাবেই চলছে।’
প্লেন দুর্ঘটনায় শোক
নেপালে ইউএস বাংলার বিমান দুর্ঘটনাকে অত্যন্ত মর্মান্তিক উল্লেখ করে তিনি বলেন: আমরা নিহতদের আত্মার মাগফিরাত কামনা করছি। আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি।
‘দুর্ঘটনার খবর পাবার পর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ মোতাবেক সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। বেসরকারি বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের অধীনে একটি মনিটরিং সেল খোলা হয়েছে। তারা খেয়াল রাখছেন।’










