জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) কেন্দ্রীয় গ্রন্থাগারের অভ্যন্তরে ব্যাগ নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞার প্রতিবাদে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা।
রোববার বিকেল সাড়ে ৪টার দিকে গ্রন্থাগার থেকে বের হয়ে বিক্ষোভ করতে থাকে প্রায় শতাধিক শিক্ষার্থী। বিক্ষোভের এক পর্যায়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আ স ম ফিরোজ-উল-হাসান ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি শান্ত করেন।
তিনি শিক্ষার্থীদের নতুন নিয়ম মেনে চলার জন্য অনুরোধ জানান। শিক্ষার্থীরা প্রক্টরের এই অনুরোধকে প্রত্যাখ্যান করে নতুন নিয়মের ব্যাপারে অনাগ্রহ প্রকাশ করেন। পুরনো নিয়ম অনুযায়ী বই নিয়ে প্রবেশ করার নিয়ম চালু রাখার দাবি জানান তারা।
ঘটনাস্থলে উপস্থিত কয়েকজন জানান, সম্প্রতি গ্রন্থাগারের ভারপ্রাপ্ত শিক্ষক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে গ্রন্থাগার ব্যবহারকারী শিক্ষার্থীদের ব্যাগ নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়।
এর পরিপ্রেক্ষিতে রোববার সকালে গ্রন্থাগারে ব্যাগ নিয়ে প্রবেশ করতে গেলে শিক্ষার্থীদের বাধা দেন দায়িত্বরত কর্মচারীরা। শিক্ষার্থীরা অনুরোধ জানাতে থাকেন, তাদেরকে যেনো পুরনো নিয়ম অনুযায়ী ব্যাগ নিয়ে ঢুকতে দেয়া হয়। পরবর্তীতে সমস্যার সমাধান না হওয়ার ফলে বিকেল সাড়ে ৪টার দিকে শিক্ষার্থীরা গ্রন্থাগারের সামনে উপস্থিত হয়ে বিক্ষোভ করতে থাকেন।
এ বিষয়ে গ্রন্থাগারের ভারপ্রাপ্ত শিক্ষক অধ্যাপক মুহম্মদ হানিফ আলী বলেন, নিয়ম যেটা হয়েছে সেটাই মানতে হবে। এটা কোনভাবেই পরিবর্তন হবে না। তবে অন্যান্য যেসব সমস্যার কথা শিক্ষার্থীরা বলেছে আমরা সেগুলো ভেবে দেখবো।
শনিবার কেন্দ্রীয় গ্রন্থাগারের ভারপ্রাপ্ত শিক্ষক অধ্যাপক মুহম্মদ হানিফ আলী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, শিক্ষার্থীদের বৃহত্তর স্বার্থে ও গ্রন্থাগারের কাজ সঠিকভাবে পরিচালনা করার লক্ষ্যে গ্রন্থাগার ব্যবহারকারীরা তাদের ব্যাগ নির্দিষ্ট কাউন্টারে জমা রেখে গ্রন্থাগারের অভ্যন্তরে প্রবেশ করবেন এবং ইস্যুকৃত বই নির্দিষ্ট কাউন্টারে চেক করাবেন। এছাড়া কর্মকর্তা ও কর্মচারীদের ক্ষেত্রেও তাদের ব্যাগ নির্দিষ্ট কাউন্টারে চেক করানো পূর্বক প্রস্থান করবে।







