ম্যানার শেখানোর নামে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোর গেস্ট রুমে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক নিপীড়নের প্রতিবাদে মানববন্ধন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট। বুধবার সকাল সাড়ে ১১ টায় বিশ্ববিদ্যালয়ের পুরাতন রেজিস্ট্রার ভবনের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট জাবি সংসদের সাধারণ সম্পাদক মোহাম্মদ দিদারের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, সভাপতি সুস্মিতা মরিয়ম, সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান শোভন, অর্থ সম্পাদক সুমাইয়া ফেরদৌস, সহ- সম্পাদক শাহাদাত নোমান, সদস্য আ: কাইয়ুম, আব্দুল মান্নান প্রমুখ।
সভাপতির বক্তব্যে সুস্মিতা মরিয়ম বলেন: ‘’ক্ষমতাসীনদের সারাদেশে আধিপত্য, অন্যায় ও অবিচারকে বজায় রাখতেই আজকে বিশ্ববিদ্যালয়গুলোতে নবীন শিক্ষার্থীদের উপর মানসিক, শারীরিক নিপীড়ন ও ভয়ভীতি প্রদর্শন করে প্রতিবাদ বিমুখ করা হয়। আর প্রশাসন ক্ষমতাশালীদের পদলেহন করে ক্ষমতাকে আঁকড়ে ধরে রাখতে চায়। ক্ষমতায় থাকার জন্য ক্ষমতাসীনদের সাথে আপোস না করে, শিক্ষার্থীদের পক্ষে আসুন, সত্যের পক্ষে আসুন। তাহলে শিক্ষার্থীরাও আপনাদের সাথে থাকবে, সত্যের পক্ষে লড়াই করবে’।
সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান শোভন বলেন: ‘র্যাগিং প্রতিরোধে বিশ্ববিদ্যালয় হল প্রসাশন যেখানে অকার্যকর সেখানে হল সংসদ ও জাকসু নির্বাচন দিয়ে নির্বাচিত প্রতিনিধির মাধ্যমে এইসব অন্যায়, অবিচারকে রুখে দেওয়া প্লাটফর্ম তেরি করুন’।
সবশেষে সাধারণ সম্পাদক মোহাম্মদ দিদার ক্যাম্পাসে ইতোমধ্যে যে তিনটি নিপীড়নে ঘটনা জনসম্মুখে প্রকাশিত হলো, অতিদ্রুত তার বিচার করে এবং হলগুলোতে প্রশাসনিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে র্যাগিং বন্ধে কার্যকর ব্যবস্থা করার আহ্বান জানিয়ে মানববন্ধনের সমাপ্ত ঘোষণা করে।







