জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের আয়োজনে তিন দিনব্যাপী ‘মুক্তিসংগ্রাম সাংস্কৃতিক উৎসব’ শুরু হয়েছে।
উৎসব উপলক্ষে সোমবার ১৯৭১ সালের ২৫ মার্চ কালরাত্রিতে গণহত্যার উপর স্থিরচিত্র প্রদর্শনী ও আর্টক্যাম্পের আয়োজন করা হয়।
সোমবার সকাল ১০টায় ছাত্র-শিক্ষক কেন্দ্র প্রাঙ্গণে ‘২৫ মার্চ গণহত্যা: স্থিরচিত্র প্রদর্শনী ও মুক্তিসংগ্রাম আর্টক্যাম্প’ উদ্বোধন করেন প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মো. নুরুল আলম।
উদ্বোধনী বক্তব্যে প্রো-উপাচার্য নুরুল আলম বলেন, মুক্তিসংগ্রাম সাংস্কৃতিক উৎসবের মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনা ও বঙ্গবন্ধুর আদর্শের কথা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে হবে।
উদ্বোধনী পর্ব শেষে অনুষ্ঠানে একুশে পদকপ্রাপ্ত চিত্রশিল্পী অধ্যাপক জামাল আহমেদ এবং মুক্তিযোদ্ধা শিল্পী আবুল বারক আলভীকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
মুক্তিসংগ্রাম আর্টক্যাম্পে চিত্রশিল্পী অধ্যাপক জামাল আহমেদ এবং আবুল বারক আলভীসহ শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
উৎসবের আহবায়ক ছাত্র-শিক্ষক কেন্দ্রের পরিচালক অধ্যাপক বশির আহমেদের সভাপতিত্বে এ অনুষ্ঠানে সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. রাশেদা আখতার, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার রহিমা কানিজ, প্রক্টর আ স ম ফিরোজ উল হাসান’সহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী উপস্থিত ছিলেন।










