শিক্ষা

জাবিতে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন: ফলাফল রাত ১২ টায়

জাবিতে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন: ফলাফল রাত ১২ টায়

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ২০১৬-১৭ শিক্ষা বর্ষের  স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘এ’ ইউনিটের (গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদ) ভর্তি পরীক্ষা আজ শনিবার সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ হবে আজ রাত ১২ টার পর। চ্যানেল আই অনলাইনকে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) এবং কেন্দ্রীয় ভর্তি পরিচালনা কমিটির সচিব মোহাম্মদ আলী।

শনিবার সকাল ৯ টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মোট ৬টি শিফটে গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদের এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

আগামীকাল সকাল ৮ টা থেকে বিকাল ৬ টা পর্যন্ত মোট ৭ টি শিফটে ‘ডি’ ইউনিটের (জীববিজ্ঞান অনুষদ) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ২১ নভেম্বর ‘বি’ ইউনিট (সমাজবিজ্ঞান অনুষদ) এবং ‘এইচ’ ইউনিট (আইআইটি), ২২ নভেম্বর ‘এফ’ ইউনিট (আইন অনুষদ), ‘ই’ ইউনিট (বিজনেস স্টাডিজ অনুষদ) এবং ‘জি’ ইউনিট (আইবিএ), ২৩ নভেম্বর ‘সি’ ইউনিটের (কলা ও মানবিকী অনুষদ) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। সকল ইউনিটের বিস্তারিত আসনবিন্যাস বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। এছাড়াও আসনবিন্যাস প্রত্যেক পরীক্ষার্থীর মুঠোফোন নাম্বারে পরীক্ষার আগের রাতে মেসেজের মাধ্যমে জানিয়ে দেয়া হবে।

এ বছর বিশ্ববিদ্যালয়ের ছয়টি অনুষদ এবং দুটি ইনস্টিটিউটে মোট ২ হাজার ৩০টি আসনের বিপরীতে আবেদন জমা পড়েছে ২ লাখ ২০ হাজার ২৯৮টি। প্রতি আসনের জন্য লড়ছে ১০৯ জন পরীক্ষার্থী।

ভর্তি পরীক্ষার ফলাফল সহ বিস্তারিত তথ্য জাবির ওয়েবসাইটে www.ju-admission.org  অথবাwww.juniv.edu/admissions ওয়েবসাইটে পাওয়া যাবে।

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…