ক্রিকেট

জাদেজার দিনে কপিলকে ছাড়িয়ে গেলেন অশ্বিন

অশ্বিনের ক্রীড়া পারফরম্যান্স, ক্রিকেট মাঠে উদযাপন. Channel i News - চ্যানেল আই নিউজ

অশ্বিন ক্রিকেট মাঠে বল ছুঁয়ে উদযাপন করছেন, পেছনে আম্পায়ার ও দর্শকরা।. Channel i News – চ্যানেল আই নিউজ

মোহালি টেস্টে ১৭৫ রানে অপরাজিত থাকার পর শ্রীলঙ্কার প্রথম ইনিংস থেকে ৫ উইকেট তুলে আলো নিজের দিকে কেড়ে রেখেছেন রবীন্দ্র জাদেজা। দ্বিতীয় ইনিংসে আরও চার উইকেট নিয়ে যখন পাঁচের খোঁজে তিনি, তখন অনেকটা নীরবেই দেশের প্রথম বিশ্বকাপজয়ী কিংবদন্তি কপিল দেবকে পেছনে ফেলে ভারতের দ্বিতীয় সর্বোচ্চ টেস্ট উইকেট শিকারি বনে গেছেন রবিচন্দ্রন অশ্বিন।

কপিল দেবের থেকে ৪ উইকেট পিছিয়ে মোহালি টেস্টে নেমেছিলেন অশ্বিন। প্রথম ইনিংসে ২০ ওভার হাত ঘুরিয়ে ৪৯ রান খরচায় ২ উইকেট তুলে কপিলের ঘাড়ে নিশ্বাস ফেলছিলেন। দ্বিতীয় ইনিংসে ৩ লঙ্কান ব্যাটারকে শিকারে পরিণত করে টপকেই গেলেন সাবেক পেস-অলরাউন্ডারকে। ভারতের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ টেস্ট উইকেটের মালিকের নাম এখন অশ্বিন, পাশে ৪৩৫ উইকেট। কপিলের টেস্ট উইকেট সংখ্যা ৪৩৪।

ভারতের হয়ে টেস্টে সর্বোচ্চ উইকেটের মালিক অবশ্য অনিল কুম্বলে। ১৩২ ম্যাচে ৬১৯ উইকেট নিয়ে অবসরে গেছেন সাবেক লেগ স্পিনার। কপিল খেলেছেন ১৩১ ম্যাচ। অশ্বিন খেলতে নেমেছেন ক্যারিয়ারের ৮৫তম টেস্ট।

কপিলকে টপকে যাওয়ার পথে টেস্টে বিশ্বের সেরা দশ উইকেট শিকারির মধ্যেও পৌঁছে গেছেন অফস্পিনার স্পিনার। অবস্থান এখন নয়ে। দশের মধ্যে আছেন ক্রিকেট চালিয়ে যাওয়া দুই ইংলিশ বোলার জেমস অ্যান্ডারসন ও স্টুয়ার্ট ব্রডও, যথাক্রমে ৬৪০ ও ৫৩৭ উইকেট নিয়ে।

সাদা পোশাকে সর্বকালের সর্বোচ্চ উইকেট শিকারি একজন শ্রীলঙ্কান। রেকর্ড ৮০০ উইকেট নিয়ে শীর্ষে সাবেক অফস্পিন কিংবদন্তি মুত্তিয়া মুরালিধরন। দুইয়ে সদ্য পৃথিবী ছেড়ে যাওয়া অজি কিংবদন্তি লেগি শেন ওয়ার্ন, ৭০৮ উইকেট নিয়ে।

বিষয়:অ্যান্ডারসন ওয়ার্ন কপিল কুম্বলে জাদেজা ভারত-শ্রীলঙ্কা টেস্ট

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…