রাশিয়া বিশ্বকাপ দুয়ারে হাজির। রোমাঞ্চকর মাঠের লড়াইয়ের অপেক্ষা ফুরিয়ে আসছে। বিশ্বযজ্ঞের এ আসরকে তুলে ধরবে যে প্রতীক, সেটি অবশ্য উন্মোচন করা হয়েছিল চার বছর আগেই। ২০১৪ সালে। ‘রাশিয়ার হৃদয় ও আত্মা’ -এই স্লোগানের লোগোর সঙ্গেই মাঠে গড়াবে ফুটবল বিশ্বকাপের ২১তম আসর।
রাশিয়ান রূপকথা ও সমৃদ্ধ সাহিত্যের ইতিহাস ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে এবারের বিশ্বকাপের লোগোতে। সঙ্গে মহাকাশে নিজেদের আধিপত্যের প্রমাণ রাখতে দেশটির প্রথম মহাকাশযান স্পুটনিকের সঙ্গে বলের আকার মিলিয়ে বসিয়ে দেয়া হয়েছে লোগোর মাথায়।
২০১৪ সালে অভিনব কায়দায় উন্মোচন করা হয়েছিল লোগো। মাটি থেকে ২০০ মাইল উপরে মস্কো মহাকাশ সেন্টারে লোগো উন্মোচন করেন মহাকাশচারীরা।
মহাকাশ এবং জাদু- লোগোতে এই দুই বিষয়কে ফুটিয়ে তুলতে ব্যবহার করা হয়েছে চারটি রঙ। লাল, সোনালী, কালো এবং নীল- বিখ্যাত রাশিয়ান শিল্পে দেখা শতাব্দী প্রাচীন কৌশলের প্রতিফলন করে।
বিশ্বকাপের লোগো নকশা করেছে পর্তুগালের নকশাকারী প্রতিষ্ঠান ব্র্যান্ডিয়া সেন্ট্রাল। নীল রঙ দিয়ে ফুটিয়ে তোলা হয়েছে ফুটবলের জাদুময় আকর্ষণকে। আর উজ্জ্বল তারা দিয়ে ফুটবল ভক্তদের বোঝানো হয়েছে।









