দেশের তিনজন বিশিষ্ট শিক্ষাবিদকে জাতীয় অধ্যাপক হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। পাঁচ বছরের জন্য তাদের নিয়োগ দিয়ে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়।
নিয়োগ পাওয়া তিন শিক্ষাবিদ হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক ডক্টর আনিসুজ্জামান, ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ-ইউল্যাবের অধ্যাপক ইমেরিটাস ও বাংলা অধ্যয়ন কেন্দ্রের উপদেষ্টা অধ্যাপক ডক্টর রফিকুল ইসলাম এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রাক্তন শিক্ষক ও ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের উপাচার্য অধ্যাপক ডক্টর জামিলুর রেজা চৌধুরী।
সর্বশেষ ২০১১ সালের জুন মাসে পাঁচজন শিক্ষাবিদকে জাতীয় অধ্যাপক হিসেবে নিয়োগ দেয়া হয়। তাদের মেয়াদ শেষ হয়েছে ২০১৬ সালের জুনে।
জাতীয় অধ্যাপক পদটি বিশেষ রাষ্ট্রীয় সম্মাননা। বাংলাদেশের শিক্ষা, জ্ঞান-বিজ্ঞান ও গবেষণায় বিশেষ অবদান রাখা শিক্ষকদের মধ্য থেকে রাষ্ট্রীয় সম্মাননা হিসেবে রাষ্ট্রপতি এই নিয়োগ দিয়ে থাকেন। ১৯৭৫ সাল থেকে এই সম্মাননা দেয়া হচ্ছে।






