ইউক্রেনে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে জাতিসংঘের মানবাধিকার পরিষদ (ইউএনএইচআরসি) থেকে রাশিয়াকে বরখাস্ত করা হয়েছে। জাতিসংঘ সাধারণ পরিষদের ভোটে এ সিদ্ধান্ত নেওয়া হয়। এ সিদ্ধান্তে জাতিসংঘের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে ইউক্রেন।
ইউক্রেনের মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে জাতিসংঘে ভোটগ্রহণে ভোট দেয় সাধারণ পরিষদের অন্তর্ভূক্ত দেশগুলো। ভোটে জাতিসংঘের মানবাধিকার সংস্থা থেকে রাশিয়াকে বাদ দেওয়ার পক্ষে ভোট দেয় ৯৩টি দেশ। বিপক্ষে ভোট দিয়েছে ২৪ টি দেশ। ভোটদানে বিরত ছিল ৫৮টি দেশ।
বেলারুশ, সিরিয়া ও চায়না এই প্রস্তাবের বিপক্ষে ভোট দেয়। তবে ভারত, মিশর ও সাউথ আফ্রিকা ভোটাভুটিতে অংশ নেয়নি। নিয়ম অনুযায়ী ভোটদানে বিরত থাকা সদস্যদের এই প্রক্রিয়ায় গণনা করা হয় না। তাই এই প্রস্তাবে রাশিয়াকে বরখাস্ত করা হয়েছে।
রাশিয়াকে বরখাস্তের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে জাতিসংঘের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে ইউক্রেন। এর আগে বুচা শহরে হত্যাকাণ্ড চালানোয় রাশিয়াকে মানবাধিকার পরিষদ থেকে বরখাস্তের সুপারিশ করেন ইউক্রেনের প্রতিনিধি।
ভারতের প্রতিনিধি বলেন, ভারত শান্তির পক্ষে। কারও ওপর নিষেধাজ্ঞা জারি করে কিংবা বাদ দিয়ে কখনও শান্তি প্রতিষ্ঠা হয় না।
এই ভোট প্রক্রিয়াকে পরিকল্পিত নাট্যচর্চা বলে অভিহিত করেছেন রুশ প্রতিনিধি। এখন নাট্যচর্চার সময় নয় উল্লেখ করে জাতিসংঘের রুশ প্রতিনিধি বলেন, যুক্তরাষ্ট্রের মদদে রাশিয়াকে বিচ্ছিন্ন করার ষড়যন্ত্রের অংশ এই ভোট।







