চীন ও রাশিয়ার বিরোধিতা সত্বেও জাতিসংঘের সাধারণ পরিষদে মিয়ানমারের রাখাইনে রোহিঙ্গাদের বিরুদ্ধে সেনা অভিযান ও নির্যাতন বন্ধে একটি প্রস্তাব পাস হয়েছে। রোহিঙ্গাদের স্বেচ্ছায় নিজ দেশে ফেরা এবং পূর্ণ অধিকার দিয়ে তাদের নাগরিকত্ব দেয়ারও আহ্বান জানানো হয় এই প্রস্তাবে।
সেই সাথে মিয়ানমারে বিশেষ দূত নিয়োগ দিতে জাতিসংঘ মহাসচিবের প্রতি আহ্বান জানানো হয়েছে। রোহিঙ্গাদের পাশে থাকায় বাংলাদেশের অবদানের কথা তুলে ধরা হয় অধিবেশনে।
ওই প্রস্তাবের পক্ষে ভোট দেয় যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ ১শ’৩৫ টি দেশ আর বিপক্ষে ভোট দিয়েছে চীন, রাশিয়া, ফিলিপিন্স, লাওস ও ভিয়েতনামসহ ১০টি দেশ। এখন এই প্রস্তাব সাধারণ পরিষদের ১৯৩ টি সদস্য দেশের কাছে পাঠানো হয়েছে ডিসেম্বরের মধ্যে চূড়ান্ত ভোট দেওয়ার জন্য।
সাধারণ পরিষদের মানবাধিকার কমিটির পাস করা এই প্রস্তাবটি ওআইসির ৫৭টি দেশ স্পন্সর করেছে। সৌদি আরবে জাতিসংঘের দূত আব্দুল্লাহ-আল মৌয়ালিমি ওআইসির পক্ষে বলেন, মিয়ানমার থেকে ৬ লাখেরও বেশি রোহিঙ্গার বাংলাদেশে পালিয়ে যাওয়া মিয়ানমারে ধর্মীয় ঘৃণার আরেকটি অমানবিক দৃশ্যকে প্রকাশ করে।







