ব্রিটিশবিরোধী আন্দোলনের নেতা, মুক্তিযুদ্ধের সংগঠক এবং বাংলাদেশের কমিউনিস্ট পার্টির উপদেষ্টা জসিম উদ্দিন মণ্ডলের প্রতি শহীদ মিনারে শ্রদ্ধা জানিয়েছেন সর্বস্তরের মানুষ। মঙ্গলবার বাদ যোহর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে তার নামাজে জানাজা সম্পন্ন হয়।
বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম জানান, বুধবার তার মরদেহ গ্রামের বাড়ি ঈশ্বরদিতে নিয়ে যাওয়া হবে। সেখানে সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত সাধারণ মানুষের শ্রদ্ধা নিবেদন শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) উপদেষ্টা এবং ট্রেড ইউনিয়ন আন্দোলনের অন্যতম পুরোধা জসিম উদ্দিন মণ্ডল সোমবার সকাল ৬টায় রাজধানীর হেলথ অ্যান্ড হোপ হসপিটালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় শেষ নি:শ্বাস ত্যাগ করেন।
মুজাহিদুল ইসলাম সেলিম জানান, ৯৫ বছর বয়সী বিপ্লবী এই নেতা দীর্ঘদিন যাবৎ শারীরিক বিভিন্ন জটিলতাসহ বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। গত ২৮ সেপ্টেম্বর তার গ্রামের বাড়ি ঈশ্বরদিতে থাকাকালে শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নিয়ে আসা হয়। এর আগেও দীর্ঘদিন তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসা নিয়েছেন।
ছবি: সাইফুল্লাহ সাদেক।








