কলকাতা, ভারত থেকে: তাসকিনের সঙ্গে যা হয়েছে তা বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সবচেয়ে বাজে ঘটনা বলে মন্তব্য করেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।
আইসিসির সমালোচনা করে কলকাতায় এক সংবাদ সম্মেলনে এমনটি বলেন বিসিবি সভাপতি। পুরোটাই অবিচার করা হয়েছে বলেও মন্তব্য করেছেন তিনি।
নাজমুল হাসান বলেন, ক্রিকেট বিশ্বে এমন ঘটনা এটিই প্রথম, এটিই শেষ। এমন বৈরিতা মেনে নেওয়া ছাড়া কিছুই করার নেই। এসবের জবাব দিতে হবে মাঠে।
“একটি বোলার কোন ম্যাচে একটি বোলও ইলিগ্যাল না করে সাসপেন্ডেড হইতে পারে, ক্রিকেট ইতিহাসে এই প্রথম শুনলাম” বলেও ক্ষোভ প্রকাশ করেন বিসিবি সভাপতি।
আইসিসির দ্বিমুখী নীতির সমালোচনা করে নাজমুল হাসান বলেন, বিশ্বের আরও অনেক ক্রিকেটার আছেন যাদের বোলিং অ্যাকশন স্বাভাবিক নয়। কিন্তু তাদের বেলায় আইসিসি চুপ।
“এই আইনটা দুঃখজনক হলেও সবসময় বা অন্যান্য বারের মতো আমাদের বেলাতেই প্রযোজ্য। আমি মনে করি আইসিসির এই বিষয়ে নতুন করে চিন্তা করতে হবে। এইটা সম্পূর্ণ অন্যায় করা হয়েছে আমাদের উপর।”
তাসকিনকে বর্তমান সময়ের সবচেয়ে গতি সম্পন্ন বোলার উল্লেখ করে সভাপতি বলেছেন, সব বাধা জয় করে তাসকিন ফিরবে। বিসিবি তাকে পূর্ণ সহযোগিতা করবে।
গত ৯ মার্চ ধর্মশালায় নেদারল্যান্ডসের বিপক্ষে টি২০ বিশ্বকাপের প্রথম ম্যাচের পরই তাসকিনের সাথে সানিরও বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করে আম্পায়াররা। গত ১৪ মার্চ সানির টেস্টের একদিন পর তাসকিনেরও বোলিং নিরীক্ষা করে আইসিসি। পরে তাদের ক্রিকেট থেকে সাময়িক নিষিদ্ধ করা হয়। বিসিবির পক্ষ থেকে তাসকিনের নিষেধাজ্ঞা দেওয়ার সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদনও খারিজ হয়। আজ (শুক্রবার) সকালে দেশে ফিরেছেন তাসকিন।







