জন্মদিনে সাবিনা ইয়াসমিনকে লাল গালিচা সংবর্ধনা
কিংবদন্তি কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিনের জন্মদিন ৪ সেপ্টেম্বর। জন্মদিনে লাল গালিচা সংবর্ধনাসহ সাবিনা ইয়াসমিন ও তাঁর গান নিয়ে চ্যানেল আইয়ে দিনভর দেখানো হবে বিশেষ অনুষ্ঠান...

কিংবদন্তি কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিনের জন্মদিন ৪ সেপ্টেম্বর। জন্মদিনে লাল গালিচা সংবর্ধনাসহ সাবিনা ইয়াসমিন ও তাঁর গান নিয়ে চ্যানেল আইয়ে দিনভর দেখানো হবে বিশেষ অনুষ্ঠান।-এমনটাই জানিয়েছে চ্যানেল আইয়ের অনুষ্ঠান বিভাগ।
বাংলা গানের জগতে জীবন্ত এক কিংবদন্তি শিল্পী সাবিনা ইয়াসমিন। বুধবার এই গুণী শিল্পীর জন্মদিন। এদিন তাঁকে শুভেচ্ছা জানাতে চ্যানেল আইয়ে রয়েছে ‘তারকা কথন’র বিশেষ পর্ব।
ওয়ালটন ‘তারকা কথন’-এর প্রযোজক অনন্যা রুমা বিষয়টি জানিয়ে বলেন, সাবিনা ইয়াসমিন আমাদের কিংবদন্তি শিল্পী। তিনি আমাদের বাঙালির গর্ব। তাঁর জন্মদিনে আমরা তাঁকে পাচ্ছি, এটা আমাদের পরম সৌভাগ্যের।
রুমা জানান, চ্যানেল আইয়ের বিশেষ এই ‘তারকা কথন’-এর উপস্থাপনায় আছে চমক। কারণ এদিন সাবিনা ইয়াসমিনের এই অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন নন্দিত অভিনেতা ও নির্মাতা আফজাল হোসেন।
জন্মদিন উপলক্ষ্যে সাবিনা ইয়াসমিনকে লালগালিচা সংবর্ধনা দেওয়া হবে বলেও জানান অনন্যা রুমা। তিনি বলেন, এদিন দুপুর সাড়ে ১২টায় অনুষ্ঠিতব্য ‘তারকা কথন’ অনুষ্ঠানে উপস্থিত থেকে তিনি তাঁর সংগীত জীবনের গল্পগাথা তুলে ধরবেন দর্শক আর ভক্তদের সামনে।
‘তারকা কথন’ ছাড়াও ৪ সেপ্টেম্বর সকাল সাড়ে ৭টায় ‘গানে গানে সকাল শুরু’ অনুষ্ঠানে সাবিনা ইয়াসমিনের জনপ্রিয় গান পরিবেশন করবেন ‘সেরাকণ্ঠ’ শিল্পী ঝিলিক। দুপুর ১টা ৫ মিনিটে ‘এবং সিনেমার গান’-এ প্রচারিত হবে সাবিনা ইয়াসমিনের কালজয়ী কিছু গান নিয়ে বিশেষ পর্ব।
১৯৫৪ সালের ৪ সেপ্টেম্বর ঢাকায় জন্ম নেন সাবিনা ইয়াসমিন। সংগীতে বিশেষ অবদানের জন্য সাবিনা ইয়াসমিন ১৯৯৬ সালে স্বাধীনতা পদক এবং ১৯৮৪ সালে একুশে পদকে ভূষিত হন। বাংলা সিনেমায় প্লে-ব্যাক গায়িকা হিসাবে সবচেয়ে বেশি পরিচিত তিনি।
সেরা নারী প্লে-ব্যাক গায়কের জন্য বাংলাদেশ জাতীয় চলচ্চিত্র পুরস্কার ১৩ বার পেয়ে তিনি রেকর্ড করেছেন। চলচ্চিত্রের জন্য ১,৫০০ টিরও বেশি গান রেকর্ড হয়েছে তার এবং এ যাবত সাবিনা ইয়াসমিনের কণ্ঠে ১০ হাজারেরও বেশি গান রেকর্ড হয়েছে।






