২৩ জানুয়ারি কিংবদন্তীর চিত্রনায়ক নায়করাজ রাজ্জাকের জন্মবার্ষিকী। এ উপলক্ষে তার পরিবার, চলচ্চিত্র পরিচালক ও শিল্পী সমিতি বিভিন্ন আয়োজন করে। কোরআন তেলাওয়াত, মিলাদ মাহফিল, বনানী কবরস্থানে নায়করাজের কবরে পুষ্পস্তবক অর্পণ, এফডিসিতে তার প্রতিফলকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোসহ চলে দিনভর নানা আয়োজন।
মঙ্গলবার সকালে রাজধানীর বনানী বুদ্ধিজীবী কবরস্থানে নায়করাজের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় বাংলাদেশ শিল্পী সমিতি। এ সময় সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন সমিতির সভাপতি মিশা সওদাগর, সহ-সভাপতি রিয়াজ ও সাধারণ সম্পাদক জায়েদ খান। শ্রদ্ধা নিবেদন শেষে তারা দোয়ায় অংশ নেন।
শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর বলেন, ‘অনেক পূর্ণতা ঢেকে যায় রাজ্জাক ভাইয়ের না থাকার শূন্যতায়। মহান আল্লাহ্ তাকে বেহেশত দান করুন এই প্রার্থনা করছি।’
সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান বলেন, ‘নায়করাজ ছিলেন শিল্পী সমিতির প্রথম সভাপতি। তার নেতৃত্ব ইন্ডাস্ট্রিকে আলোর পথ দেখিয়েছে। আমরা তার স্মরণে আজ নানা আয়োজন হাতে নিয়েছি। নায়করাজের নামে একটি শুটিং ফ্লোরের নামকরণের জন্য এফডিসির এমডির কাছে লিখিত দাবি জানাবে চলচ্চিত্র শিল্পী সমিতি। আশা করছি, সবাইকে পাশে পাব।’







