জনপ্রিয় সি ক্লিনার সফটওয়্যারে ক্ষতিকর ম্যালওয়ার!

ডিজিটাল স্ক্রিনে কোডের মধ্যে ম্যালওয়্যার সম্পর্কিত সতর্কতা ও সুরক্ষা নির্দেশনা দেখানো হয়েছে।. Channel i News – চ্যানেল আই নিউজ
কম্পিউটার এবং স্মার্টফোনের জনপ্রিয় পারফরমেন্স অপটিমাইজেশন সফটওয়্যার ‘সি ক্লিনার’ দিয়ে একটি ক্ষতিকর প্রোগ্রাম (ম্যালওয়ার) যুক্ত করে দিয়েছে হ্যাকাররা। এর ফলে নিরাপত্তা ঝুঁকির মধ্যে রয়েছে কয়েক মিলিয়ন কম্পিউটার ও স্মার্টফোন ব্যবহারকারী।
সি ক্লিনারের নির্মাতা প্রতিষ্ঠান পিরিফরম ও এর মূল প্রতিষ্ঠান অ্যাভাস্ট জানিয়েছে, গত মাসেই হ্যাকাররা সফটওয়্যারটিতে ম্যালওয়ার যুক্ত করেছে। ফলে এরপর থেকে যারা সফটওয়্যারটি ডাউনলোড এবং ইন্সটল করেছেন, তারাই নিরাপত্তা ঝুঁকির মধ্যে আছেন। প্রতি সপ্তাহে প্রায় ৫০ লক্ষবার সফটওয়্যারটি ডাউনলোড করা হয়ে থাকে। কম্পিউটার এবং স্মার্টফোনে থাকা বিভিন্ন জাংক ফাইল এবং কুকি অপসারণের মাধ্যমে অপটিমাইজেশন করে থাকে সি ক্লিনার।
সিসকোর নিরাপত্তা গবেষকরা জানিয়েছেন, গত মাসে উন্মুক্ত করা হয়েছে সি ক্লিনারের এমন একটি সংস্করণে থাকা একটি রিমোট অ্যাডমিনিস্ট্রেশন ইন্টারনেট থেকে অতিরিক্ত বিভিন্ন প্রোগ্রাম ডাউনলোড করার জন্য যুক্ত করা হয়েছিল। এই প্রোগ্রামগুলো ব্যবহার করে কম্পিউটার থেকে সহজেই বিভিন্ন তথ্য হাতিয়ে নিতে পারত হ্যাকাররা। আর পুরো কাজটিই হতো ব্যবহারকারীর অগোচরে।
সি ক্লিনারের ৫.৩৩.৬১৬২ এবং সি ক্লিনার ক্লাউডের ১.০৭.৩১৯১ সংস্করণ যারা ব্যবহার করছেন, তাদের নতুন সংস্করণ ব্যবহার করার পরামর্শ দিয়েছে পিরিফরম। তবে স্বয়ংক্রিয় আপডেট সিস্টেম না থাকায় আগে পুরনো সংস্করণ আনইন্সটল করে তারপর নতুন এই সংস্করণটি ব্যবহার করতে হবে।



