দেশে একটার পর একটা ঘটে যাওয়া নানান জঙ্গিবাদী কার্যক্রমের পেছনে কারা রয়েছে সেটাই খুঁজে বের করতে হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, এদেশের মানুষ ধর্মভীরু কিন্তু ধর্মান্ধ নয়। ইংলিশ মিডিয়ামে পড়ুয়া শিক্ষার্থীদের মনে কারা এমন ধর্মান্ধতা ঢোকালো সেটাই আগে আমাদের খুঁজে বের করতে হবে।
গণভবনে বিভিন্ন জেলা পর্যায়ে কর্মকর্তাদের সঙ্গে ভিডিও কনফারেন্সে আলাপকালে একথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ইসলাম শান্তির ধর্ম। তারা কখনো কারো প্রাণ কেড়ে নিতে পারে না। তাই এসব থেকে নিজেদের প্রিয়জনকে ফিরিয়ে আনতে সবাইকে জঙ্গিবাদ মোকাবেলায় সচেতন থাকার কথা বলেন প্রধানমন্ত্রী। জেলা পর্যায়ের কর্মকর্তাদের তিনি বলেন, যেসব পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে সেসব পালন করতে হবে। পরিবারকে সচেতন করে তুলতে হবে, কোনো মসজিদে যেন জঙ্গিবাদী বক্তব্য দেওয়া না হয় সেদিকে খেয়াল রাখতে হবে।
দেশে কখনোই জঙ্গিবাদের স্থান হবে না উল্লেখ করে তিনি বলেন, বাবা মায়েরাও চাননা তাদের সন্তানেরা বিপথে যাক। তাই সবাই মিলেই এসব রোধ করতে হবে।







