ছোট ঝুঁকিপূর্ণ দেশগুলোর অর্থনীতি পুনরুদ্ধারে সহায়তায় কোভিড ভ্যাকসিনের সুবিধা আরো ভালভাবে দেয়ার আহ্বান জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা’র (ডব্লিউএইচও) প্রধান টেড্রোস আধানম গেব্রিয়েসিস এবং কমনওয়েলথ প্রধান প্যাট্রিসিয়া স্কটল্যান্ড।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং কমনওয়েলথ অব নেশন সোমবার জেনেভায় জাতিসংঘের স্বাস্থ্য সংস্থার সদর দপ্তরে মহামারীর অবসান এবং ভ্যাকসিন বৈষম্যের বিরুদ্ধে লড়াই করার লক্ষ্যে একটি চুক্তি স্বাক্ষরের জন্য মিলিত হয়ে এই আহ্বান জানায়।
টেড্রোস বলেন, ‘মহামারির প্রভাব কয়েক দশক ধরে অনুভূত হবে, বিশেষ করে সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলোতে।’
তিনি বলেন, মহামারি যত বেশি সময় ধরে চলবে, ততই এই প্রভাবগুলো আরও খারাপ হবে। ডব্লিউএইচও চায় জুনের শেষ নাগাদ প্রতিটি দেশের ৭০ শতাংশ মানুষকে পুরোপুরি ভ্যাকসিন দেওয়া হোক।
টেড্রোস বলেন, এখন পর্যন্ত কমনওয়েলথ দেশগুলোর ৪২ শতাংশ নাগরিককে পুরোপুরি টিকা দেওয়া হয়েছে, কিন্তু আফ্রিকার সদস্য দেশগুলোতে মাত্র ২৩ শতাংশ টিকা পেয়েছে।
প্যাট্রিসিয়া স্কটল্যান্ড বলেন, বিশ্বের ৪২টি ছোট দেশের মধ্যে ৩২টি কমনওয়েলথ সদস্য দেশ রয়েছে। বর্তমান বৈশ্বিক টিকাদানের হারে আমরা দুই বা তিন দিনের মধ্যে এসব দেশে পুরো জনগণকে টিকা দিতে পারবো।
ব্রিটিশ সাম্রাজ্য থেকে জন্ম নেয়া কমনওয়েলথে বিশ্বের প্রায় এক চতুর্থাংশ দেশ অন্তর্ভূক্ত এবং এসব দেশের জনসংখ্যা বিশ্বের এক তৃতীয়াংশ।










