রঙিন পোশাকে এমন এক সময়ে টাইগারদের হাল ধরেছিলেন মাশরাফি, যখন হারের পর হারে টালমাটাল বাংলাদেশ দল। মাশরাফি আসলেন, নেতৃত্ব দিলেন সামনে থেকে, সাফল্য হেসে ধরা দিতে লাগল টাইগারদের। যার জাদু স্পর্শে বাংলাদেশ আজ এক অনন্য উচ্চতায়, সেই মাশরাফি টি-টুয়েন্টিতে আর খেলবেন না। এই বিদায় আর সবার মত ছুঁয়ে যাচ্ছে তার সহযোদ্ধাদেরও। সামাজিক যোগাযোগ মাধ্যমে মাশরাফি বন্দনায় মেতেছেন তার সতীর্থ তামিম-মুশফিক-তাসকিনরাও।
মাশরাফি যার কাছ থেকে পেয়েছিলেন রঙিন পোশাকের দায়িত্বভার সেই মুশফিকুর রহিম আছেন ম্যাশ বন্দনার অগ্রভাগে। নিজের ফেসবুক পেজে মুশি লিখেছেন, ‘শ্রেষ্ঠ যে কোন জিনিসেরই একদিন শেষ আছে… আর এই বিদায় সেই সেরা জিনিসগুলোর একটি। ম্যাশকে ছাড়া বাংলাদেশ দলকে কল্পনা করা কঠিন! আপনি সত্যিকারের একজন চ্যাম্পিয়ন। টি-টুয়েন্টি জার্সি আপনাকে দারুণ মিস করবে।’

টাইগারদের সাদা পোশাকের সহ-অধিনায়ক তামিম ইকবালেরও মেনে নিতে কষ্ট হচ্ছে ‘মাশরাফি ভাই’র এই অবসর, ‘আপনার সম্পর্কে এতটুকু বললেও কম বলা হয় মাশরাফি ভাই। বাংলাদেশের ক্রিকেটের যে পরিবর্তন সবই তার কাঁধে চড়ে। আর আমার কাছে এটি ৪০০-৫০০ উইকেট নিয়ে বিশ্বরেকর্ড গড়ার চেয়েও সেরা। মাশরাফি, আপনি একজন জীবন্ত কিংবদন্তি। আমরা আপনাকে মিস করবো ক্যাপ্টেন।’
টাইগার পেসার তাসকিন আহমেদ সবসময়ই মাশরাফিকে নিজের আদর্শ মেনে আসছেন। টি-টুয়েন্টিতে নিজের কাঁধে প্রিয় মাশরাফি ভাইয়ের হাতটা যে আর পড়বে না এই কষ্টটাই বেশি পোড়াচ্ছে তাসকিনকে, ‘জানি না আর কতদিন এই হাতটা খেলার মাঠে আমার কাঁধে পাবো…। ভাইয়া, জীবনে যাদেরকে অফুরন্ত ভালোবাসি এবং যাদেরকে মানি, তার মধ্যে আপনি অন্যতম…।’







