ছাত্রলীগ নেত্রী ইফফাত জাহান এশা’র উপর ষড়যন্ত্রমূলক অমানবিক ও বর্বরোচিত হামলা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনে পৈশাচিক তাণ্ডবের তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী জানিয়েছেন ছাত্রলীগের সাবেক নেতারা।
বৃহস্পতিবার রাতে ছাত্রলীগের সাবেক দপ্তর সম্পাদক কাজী নাসিম আল মোমিন রূপক স্বাক্ষরিত এক বিবৃতিতে এ দাবি জানান ছাত্রলীগের সাবেক প্রায় এক শ’ নেতা।
বিবৃতিতে বলা হয়, আমাদের বোন, বাংলাদেশ ছাত্রলীগ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি সুফিয়া কামাল হল শাখার সভাপতি ইফফাত জাহান এশা’র উপর গত ১০ এপ্রিল দিবাগত রাতে ষড়যন্ত্রমূলকভাবে সম্পূর্ণ গুজব ছড়িয়ে যে ন্যক্কারজনক, অমানবিক, বর্বরোচিত হামলা ও সম্মানহানি ঘটানো হয়েছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং অপরাধীদের দৃষ্টান্তমুলক শাস্তি দাবী করছি।
বিবৃতিতে আরও বলা হয়, অবাক বিস্ময়ের সাথে লক্ষ্য করেছি, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কর্তাব্যক্তিদের উপস্থিতিতে আমাদের বোনকে যেভাবে অপদস্থ ও লাঞ্ছিত করা হয়েছে তা একজন নারীর প্রতি অবমাননা ও নির্যাতনের শামিল। যে ঘটনাকে কেন্দ্র করে এই পাশবিক ঘটনা ঘটানো হয়েছে এবং যে দোষে তাঁকে দোষী সাব্যস্ত করে নির্যাতন করা হয়েছে তা ইতিমধ্যে মিথ্যা বলে প্রমাণিত হয়েছে।
বিবৃতিতে নেতার আরও বলেন, আমরা আরো লক্ষ্য করছি, বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে বাংলাদেশের প্রতিটি ক্ষেত্রে যখন নারীরা তাদের সফলতা ও এগিয়ে যাওয়ার সাক্ষর বহন করছে ঠিক তখনই এরকম ঘটনা আমাদেরকে আতংকিত করে এবং মধ্যযুগীয় বর্বরতার কথা মনে করিয়ে দেয়। সেইসাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনে যে পৈশাচিক তাণ্ডব এবং উপাচার্যের পরিবারের সদস্যদের প্রাণনাশের অপচেষ্টা চালানো হয়েছে, তাদেরকে চিহ্নিত করে দৃষ্টান্তমূলক বিচার দাবী করছি।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে ওই ঘটনায় অতি দ্রুত তদন্ত কমিটি গঠন করে নির্যাতনকারীদের বিচার, এশা’র বহিষ্কারাদেশ প্রত্যাহার এবং উপাচার্যের বাসায় হামলাকারীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন সাবেক ছাত্রলীগ নেতারা।






