ছাত্রলীগের বিরুদ্ধে এমসি কলেজের ছাত্রাবাসে স্বামীকে বেঁধে স্ত্রীকে গণধর্ষণের অভিযোগ

চলন্ত বাসে ধর্ষণের ঘটনা নিয়ে চ্যানেল আই অনলাইন এর ছবি, যেখানে হাতের ওপর হাত রাখা একটি নারীর ছবি দেখানো হয়েছে।. Channel i News – চ্যানেল আই নিউজ
সাদিকুর রহমান সাকী, সিলেট: সিলেটের মুরারিচাঁদ (এমসি) কলেজের একটি ছাত্রাবাসে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে গণধর্ষণের অভিযোগ উঠেছে ছাত্রলীগ নেতাকর্মীদের বিরুদ্ধে।
শুক্রবারের ওই ঘটনার পর রাত সাড়ে ১০টার দিকে পুলিশ ধর্ষণের শিকার গৃহবধূ ও তার স্বামীকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।
পুলিশ জানায়: সন্ধ্যায় এমসি কলেজ ক্যাম্পাসে বেড়াতে যায় ওই গৃহবধূ ও তার স্বামী। রাত ৯ টার দিকে ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী স্বামীকে মারধোর করে স্ত্রীকে ছিনিয়ে ছাত্রাবাসে নিয়ে যায়।
পরে স্বামী পিছু পিছু গেলে তাকে বেঁধে রেখে স্ত্রীকে ৫-৬ জন ছাত্রলীগ নেতাকর্মী গণধর্ষণ করে।
মহানগর পুলিশের এডিসি মিডিয়া জ্যোর্তিময় সরকার জানিয়েছেন, খবর পেয়ে শাহপরান থানা পুলিশের একটি দল গিয়ে স্বামী-স্ত্রীকে উদ্ধার করে।
পরে স্ত্রীকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এ ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।






